
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণা জমে উঠেছে। ১৬ এপ্রিল রোববার উপজেলার ছয়টি ইউপিতে ভোট নেওয়া হবে। মেয়াদ শেষ না হওয়ায় এসব ইউপিতে আগে নির্বাচন হয়নি।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনের শেষ মুহূর্তে প্রার্থীরা দিন-রাত গণসংযোগে ব্যস্ত রয়েছেন। চায়ের আড্ডায় চলছে নির্বাচনী আলাপচারিতা। নির্বাচনে একমাত্র লতিফপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. জাকির হোসেন সুবিধাজনক অবস্থানে রয়েছেন। অন্য ইউনিয়নগুলোতে একাধিক প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। লতিফপুরে অন্য দুই চেয়ারম্যান প্রার্থী হলেন বিএনপির আলী হোসেন ও স্বতন্ত্র সৈয়দ আরিফ হোসেন।
লতিফপুরের ত্রিমোহন গ্রামের বাসিন্দা মো. জহির হোসেন, আমিনুর রহমানসহ আরও কয়েকজন বলেন, চেয়ারম্যান জাকির হোসেনের সঙ্গে এলাকাবাসীর সম্পর্ক দীর্ঘদিনের। তিনি এলাকার রাস্তাঘাট, বিদ্যুৎ-সংযোগসহ অনেক উন্নয়নকাজ করেছেন। এ কারণে এলাকাবাসী তাঁর প্রতি সন্তুষ্ট। তিনি আবার জয়ী হবেন।
মো. জাকির হোসেন বলেন, ‘আমি সবকিছু এলাকাবাসীর ওপর ছেড়ে দিয়েছি। কাজের মূল্যায়ন করে তাঁরা আমাকে আবার জয়ী করবেন বলে আমি মনে করি।’
ভাওড়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মো. আ. ছবুর মিয়া, আওয়ামী লীগের মো. আমজাদ হোসেন ও বিএনপিদলীয় বর্তমান চেয়ারম্যান মো. সাহিদুর রহমান খানের মধ্যে ত্রিমুখী লড়াই হবে। এখানে সাবেক চেয়ারম্যান মো. তোতা মিয়াও নির্বাচনে অংশ নিচ্ছেন।
বহুরিয়ায় বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রার্থী আবু সাইদ মিয়া ও বিএনপির আবদুস ছামাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। তাঁরা ছাড়া এখানে জাতীয় পার্টির (এ) মামুনুর রশীদ ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম নির্বাচন করছেন।
ফতেপুরে বিএনপির প্রার্থী মো. শহীদুর রহমানের সঙ্গে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. হুমায়ুন তালুকদারের প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এ ছাড়া স্বতন্ত্র তিন প্রার্থীর মধ্যে আ. রউফ মিয়া, মো. ইয়াকুব আলী ও মো. আফছার উদ্দিনের মধ্যে রউফের অবস্থান ভালো। মো. শহীদুর রহমান বলেন, ‘আমি সব সময় সাধারণ মানুষের সঙ্গে কাজ করেছি। আশা রাখি, তাঁরা আমাকে মূল্যায়ন করবেন।’ হুমায়ুন তালুকদার বলেন, তিনি চেয়ারম্যান হিসেবে এলাকায় উন্নয়ন করেছেন। ভোটাররা মূল্যায়ন করবেন।
আজগানা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম এবং বিএনপির প্রার্থী আবুল হোসেনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। এখানে মো. আমজাদ হোসেন ও মো. রতন মিয়া নামের দুজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
বিএনপির প্রার্থী আবুল হোসেন বলেন, আওয়ামী লীগের কর্মীরা তাঁর প্রচারে বাধা দিচ্ছেন। তবে আওয়ামী লীগের প্রার্থী মো. রফিকুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করেছেন।
তরফপুরে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম ও বিএনপির প্রার্থী সাইদ আনোয়ার একই গ্রামের হওয়ায় স্বতন্ত্র প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মো. শরীফুর রহমান কিছুটা সুবিধাজনক অবস্থানে আছেন।