জমে উঠেছে প্রথমার বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দিন ইলশেগুঁড়ি বৃষ্টি। বৃষ্টিভেজা রাজপথে তীব্র যানজট। তা সত্ত্বেও শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের দ্বিতীয় তলার সেমিনার কক্ষে প্রথমা প্রকাশনের বইমেলায় গতকাল রোববার ছিল নানা বয়সী গ্রন্থানুরাগীর ভিড়।
প্রথমা প্রকাশনের এই একক বইমেলা শুরু হয়েছে শনিবার বিকেলে। গতকাল দ্বিতীয় দিনে দেখা গেল দারুণ জমে উঠেছে মেলা।
একাত্তরের চিঠি বইটি প্রকাশের মধ্য দিয়ে ২০০৯ সালে প্রথমা প্রকাশনের যাত্রা শুরু। এ পর্যন্ত বিভিন্ন বিষয়ের ১৬৩টি বই প্রকাশ করেছে প্রথমা। কক্ষের মাঝখানে লম্বা টেবিলে সাজানো হয়েছে বইগুলো। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে একাধিক বইসহ রবীন্দ্রনাথকে নিয়ে বেশ কিছু বই, দেশের প্রথিতযশা লেখকদের উপন্যাস, প্রবন্ধ, গল্প, কবিতার পাশাপাশি রান্না কিংবা রূপচর্চার বইও রয়েছে এখানে। এ ছাড়া অন্য কয়েকটি টেবিলে সাজানো আছে প্রথমা বইয়ের দুনিয়ার ভান্ডার থেকে তুলে আনা দেশি ও ভারতীয় পুরোনো বই, পত্রপত্রিকা ও লিটল ম্যাগাজিন। মেলায় প্রথমা প্রকাশনের বই বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ শতাংশ কমিশনে। এ ছাড়া প্রথমা বইয়ের দুনিয়ার বেশ কিছু দেশি ও ভারতীয় বই, সাময়িকী বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ শতাংশ কমিশনে। শুক্রবার ছাড়া প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। মেলা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।
মেলা উপলক্ষে নতুন বই বাজারে আসারও সুখবর দিয়েছেন প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী জাফর আহমদ। তিনি জানান, গতকাল মেলায় প্রকাশিত হয়েছে ‘ছোট্টপিডিয়া’ সিরিজের দুটি বই শরীফ খানের পাখি ও মোকারম হোসেনের ফুল।