জমে উঠেছে বাড়িতে গরু কেনাবেচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গ্রামের অনেক মানুষই কোরবানির ঈদের বাজার ধরতে বাড়িতে গরু লালন-পালন করেন। এখন ঈদের আর কয়েক দিন বাকি। শহরবাসীর অনেকেই এখন পশুর হাটের ভিড়ভাট্টায় না গিয়ে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে গ্রামের এসব বাড়িতে গিয়ে গরু কেনার জন্য ধরনা দিচ্ছেন। কোরবানির পশুর হাট এখনো সেভাবে জমে না উঠলেও কৃষকের বাড়িতে পালা গরুর বেচাকেনা অনেকটাই জমে উঠেছে।
এ রকম চার-পাঁচজন গরু পালনকারী ও সাত-আটজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, কোরবানির ঈদ সামনে রেখে উপজেলার প্রায় সব গ্রামেই এখন অনেকে গরু পালন করেন। নিম্ন আয়ের মানুষেরা একটু বাড়তি আয়ের আশায় ঈদের আগে আগে কয়েক মাস গরু পালা শুরু করেন। প্রায় প্রতিটি বাড়িতে দেখা যায় দু-তিনটি করে গরু। ৩০ হাজার থেকে শুরু করে ১ লাখ টাকা দামের গরুও আছে এগুলোর মধ্যে। এসব গরুর যত্ন-আত্তিতে এখন ব্যস্ত এসব খণ্ডকালীন খামারিরা। তা ছাড়া, এখন বাড়িতে লোকজনের আনাগোনাও বেড়ে গেছে। গরু কিনতে আগ্রহীরা বাড়ি বাড়ি ঘুরে খুঁজে দেখছেন বাজেটের মধ্যে পছন্দের গরু। অনেক গরু এরই মধ্যে বিক্রিও হয়ে গেছে।
উপজেলার খুর্দ্দশোকড়া গ্রামের মন্টু মিয়া বলেন, ‘আমরা শুধু কোরবানি ঈদে বিক্রি করার জন্যই গরু পালি। ১০ বছর ধরে বাড়তি আয়ের পথ হিসেবে এ কাজ করছি। এবার তিনটি গরু ছিল। গত শুক্রবার বাড়ি থেকে ৪২ হাজার টাকায় একটি গরু বিক্রি হয়েছে।’
মহব্বত-নন্দীপুর গ্রামের তোজাম উদ্দিন বলেন, ‘আমাদের গ্রামের বেশির ভাগ মানুষই বাড়িতে গরু পালেন। কোরবানির ঈদে এগুলো বিক্রি হয়। এরই মধ্যে আমার দুটি গরু বাড়ি থেকে বিক্রি হয়ে গেছে। আরও তিনটি আছে। আশা করছি শিগগিরই সেগুলোও বিক্রি হয়ে যাবে।’
শহর থেকে আসা গরুর ক্রেতা ব্যবসায়ী বজলুর রহমান বলেন, ‘আমরা ঈদের বেশ আগেই গ্রামে এসে এসব মানুষের কাছ থেকে গরু কিনে নিলেও সেগুলো তাঁদের বাড়িতেই থাকে। শহরের বাড়িতে গরু রাখাটা বড় একটা সমস্যা। আমরা হাটের ভিড়ে না গিয়ে আগেভাগে এসব মানুষের কাছ থেকে গরু কিনে তাঁদের কাছেই তা রেখে দেওয়ার সুবিধাটা পাচ্ছি। ঈদের আগের দিন বা ঈদের দিন সকালে এসে নিয়ে যাব।’
শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান বলেন, হাটে গিয়ে গরু কেনাটা অনেকেই ঝামেলা মনে করেন। দেখা যায় পছন্দের গরু কেনার জন্য হাট থেকে হাটে ছুটতে হয়। চাহিদা ও বাজেট অনুসারে গরু মিলবে কি না, তা নিয়েও চিন্তা থাকে। গ্রাম থেকে গরু কিনলে এ ধরনের কোনো চিন্তা করতে হয় না। বিক্রেতারাও পরিচিত। কী খাওয়াচ্ছেন গরুকে, তাও ক্রেতা জানতে পারেন। এমনকি বিক্রেতার বাড়িতেই ঈদ পর্যন্ত গরু রেখে দেওয়ার সুযোগ পান ক্রেতা।