জমে উঠেছে রংপুরের কম দামি বাজার

রংপুরের কমদামি বাজারে ঈদের কেনাকাটা জমে উঠেছে। অনেক দূর-দুরন্ত থেকে মানুষ এখানে ছুটে আসছেন কম দামে কাপড় কিনতে। শহরের হনুমানতলা এলাকায় ১৩ বছর ধরে চলে আসছে এই বাজার।
এখানে ৮০টি দোকান রয়েছে। এসব দোকানে যেকোনো কাপড়ের গজ ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। শাড়ি, থ্রিপিসসহ অন্যান্য কাপড়ের দামও বেশ কম।
ঈদ যত এগিয়ে আসছে, ক্রেতাদের আনাগোনাও তত বাড়ছে। শহরের শালবন এলাকার রওশন আরা বলেন, এখানে নানা রকমের জামাকাপড় পাওয়া যায়। দামও অন্যান্য বাজার থেকে কম।
গণেশপুরের স্কুলশিক্ষক রোকসানা পারভিন এবারও এখানে কেনাকাটা করেছেন। জানালেন, কয়েক বছর ধরে তিনি এখানে কেনাকাটা করেন। এই বাজারে যে কাপড় ৫০ টাকায় পাওয়া যায় সেই একই কাপড় বড় বাজারে অনেক বেশি দামে কিনতে হয়।
বাজারের ব্যবসায়ী স্বপন কুমার জানান, এখানে কমদামে কাপড় বিক্রি করা হয় বলেই এ বাজারের নাম হয়েছে কমদামি কাপড়ের বাজার। অপর ব্যবসায়ী মতিয়ার রহমান বলেন, রোজার শুরু থেকেই বিক্রি ভালো। অনেক দূর-দুরন্ত থেকে এখানে কম দামে কাপড় কিনতে লোকজন ছুটে আসছেন।