জমে উঠেছে শাহবাগ বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগ বইমেলা জমে উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেলায় ছিল ক্রেতা-পাঠকের ভিড়। টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম এসেছিলেন গতকাল। কলেজের পাঠাগারের জন্য অনেক বই কিনলেন। পাঠাগারের জন্য মেলা থেকে এত টাকার বই কেনা প্রসঙ্গে অধ্যাপক ইসলাম বলেন, ‘মেলায় সব সময় মূল্যছাড় থাকে। কিছু বই তো বেশ কম দামেই নেওয়া যায়। শাহবাগ বইমেলায় বইয়ের বৈচিত্র্যও বেশি।’
প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশনসের যৌথ উদ্যোগে এ বইমেলা শুরু হয়েছে গত ৩ ডিসেম্বর। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা খোলা থাকছে। মেলা চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত এই মেলা শুক্রবার বন্ধ থাকবে।
মেলায় ৩০ থেকে ৬০ শতাংশ কমিশনে প্রথমা প্রকাশনের বই এবং ২৫ থেকে ৫০ শতাংশ কমিশনে বেঙ্গল পাবলিকেশনসের বই বিক্রি হবে। ২৫ থেকে ৫০ শতাংশ কমিশনে বিক্রি হবে দেশের অন্যান্য প্রকাশনীর বই। ভারতীয় বই বিক্রি হবে ১ রুপি সমান ১ টাকা থেকে ১ দশমিক ৮ টাকায়।