শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে জমে উঠেছে ময়মনসিংহ শহরের বাসাবাড়ি হকার্স মার্কেট। সব বয়েসী মানুষের জন্য নানা রকম শীতবস্ত্রের পসরা সাজিয়েছেন দোকানিরা। গরম কাপড় কেনার জন্য এই মার্কেটে সব শ্রেণীর মানুষের ভিড় পড়েছে।মার্কেটের দোকানিরা জানান, প্রতিবছর শীত মৌসুমে ময়মনসিংহের মানুষের পছন্দ ও চাহিদার কথা মাথায় রেখেই ব্যবসায়ীরা শীতবস্ত্র আনেন। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রিও বাড়তে শুরু করেছে বলে জানান দোকানি আবদুল কাদের।ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা জানে যে এখানে দেশের বাইরে থেকে আসা পুরোনো শীতবস্ত্র বিক্রি হয়। তবু বাহারি শীতবস্ত্রের জন্য তারা এই মার্কেটে আসে। এ ছাড়া এই মার্কেটে কাপড়ের দামও কম।কলেজছাত্র বিপ্লব সাহা জানায়, শহরের অভিজাত বিপণিবিতানগুলোতে শীতবস্ত্রের দাম অনেক বেশি। এ কারণে ময়মনসিংহের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বহু ছেলেমেয়েই শীতবস্ত্রের জন্য এই মার্কেটই বেছে নেয়।গৃহিণী আসমা আক্তার জানান, তিনি প্রতিবছর এখান থেকে পরিবারের সবার জন্য শীতের কাপড় কেনেন।