জমে উঠেছে হজ ও ওমরাহ মেলা

রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে তিন দিনব্যাপী হজ মেলা। ছুটির দিন হওয়ায় আজ শুক্রবার বিকেলে মেলা জমে ওঠে। মেলায় হজযাত্রা সম্পর্কে জানতে আসা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
হজযাত্রী ও হজ এজেন্সির মধ্যে যোগাযোগ স্থাপনের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার থেকে ‘দশম হজ ও ওমরাহ মেলা’ শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই মেলা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকছে। আগামীকাল শনিবার মেলার শেষ দিন।
সম্মেলন কেন্দ্রে ঢুকতেই হাতের বামে বিশাল এক প্যাভিলিয়ন। এই প্যাভিলিয়নের মধ্যে ৭২টি প্রতিষ্ঠানের ১২০টি স্টল। প্রত্যেকটি স্টলেই রয়েছে হজ সংক্রান্ত নানান সেবার তথ্য। হজ প্যাকেজ কত দিন, সৌদি আরবে অবস্থানের মেয়াদ, কোথায় কত দিন অবস্থান, ওমরাহ করতে কী কী করতে হবে, মক্কা-মদিনায় থাকার ব্যবস্থা, দূরত্বসহ বিভিন্ন বিষয় সম্পর্কে জানা যাচ্ছে মেলা থেকে। বেসরকারি এজেন্সির স্টলগুলোতে আছে হজ ও ওমরাহ পালনে বিভিন্ন ধরনের প্যাকেজ।

ছুটির দিন হওয়ায় বিকেলে হজ মেলায় ছিল মানুষের ভিড়। ৪১ বছর বয়সী মো. মবিন উল সুলতান তাঁর মেয়েকে নিয়ে সাভার থেকে এসেছেন হজ মেলায়। ধর্ম মন্ত্রণালয়ের স্টলে গিয়ে জানতে চাইলেন ছোটদের নিয়ে হজ করতে যাওয়া যাবে কিনা। স্টলের কর্মকর্তারা বললেন, হজে বয়স কোনো বাধা নয়। সুস্থ শরীরে যে কেউ হজে যেতে পারে। মবিন উল সুলতান প্রথম আলোকে বলেন, ‘সব ঠিক থাকলে এবারই পবিত্র হজ পালন করব।’
ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় এই মেলার আয়োজন করেছে হজ এজেন্সিস অব বাংলাদেশ (হাব)। হাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার প্রথম আলোকে বলেন, এই মেলা হচ্ছে হজযাত্রী ও হজ এজেন্সির মধ্যে সরাসরি সেতুবন্ধন।
৬১ বছর বয়সী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন মনস্থির করেছেন এবার হজে যাবেন। হজ সম্পর্কে বিস্তারিত জানতে পল্লবী থেকে মেলায় এসেছেন। কী কী জানতে পারলেন—এমন প্রশ্নে তিনি বললেন, সরকারিভাবে হজের যাওয়ার পদ্ধতি, বেসরকারি হজের বিভিন্ন প্যাকেজ। মেলায় এসে বেশ উপকার হলো।
মেলায় প্রথম আলোর স্টলে হজযাত্রীদের জন্য বিনা মূল্যে সহায়ক হজ গাইড বিতরণ করা হচ্ছে। গত নয় বছরে প্রায় দশ লাখ হজ গাইড বিতরণ করা হয়েছে। প্রকৌশলী আফতাব হোসেন তাঁর সহধর্মিণীকে নিয়ে প্রথম আলোর স্টলের সামনে এসে ধন্যবাদ দিয়ে বললেন, ‘অনেকক্ষণ ধরেই প্রথম আলোর স্টল খুঁজছি। আশা আছে এবার হজে যাব, তাই গাইড বইটা নিতে এসেছি।’