জমে উঠেছে হজ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে তিন দিনব্যাপী হজ মেলা। ছুটির দিন হওয়ায় গতকাল শুক্রবার বিকেলে মেলায় হজযাত্রা সম্পর্কে জানতে আসা মানুষের ভিড় ছিল।

হজযাত্রী ও হজ এজেন্সির মধ্যে যোগাযোগ স্থাপনের লক্ষ্যে গত বৃহস্পতিবার থেকে ‘দশম হজ ও ওমরাহ মেলা’ শুরু হয়েছে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা খোলা থাকবে। আজ শনিবার মেলার শেষ দিন।

মেলার প্যাভিলিয়নে ৭২টি প্রতিষ্ঠানের ১২০টি স্টল আছে। প্রতিটি স্টলে রয়েছে হজ-সংক্রান্ত নানান সেবার তথ্য। হজ প্যাকেজে সৌদি আরবে অবস্থানের মেয়াদ, কোথায় কত দিন অবস্থান, ওমরাহ করতে কী কী করতে হবে, মক্কা-মদিনায় থাকার ব্যবস্থা, দূরত্ব কত—এসবসহ হজের বিভিন্ন বিষয় জানা যাচ্ছে মেলা থেকে। বেসরকারি এজেন্সির স্টলগুলোতে আছে হজ ও ওমরাহ পালনে বিভিন্ন ধরনের প্যাকেজ।

৪১ বছর বয়সী মো. মবিন উল সুলতান তাঁর মেয়েকে নিয়ে সাভার থেকে এসেছেন হজ মেলায়। ধর্ম মন্ত্রণালয়ের স্টলে গিয়ে জানতে চাইলেন ছোটদের নিয়ে হজ করতে যাওয়া যাবে কি না। স্টলের কর্মকর্তারা বললেন, হজে বয়স কোনো বাধা নয়। সুস্থ শরীরে যে কেউ হজে যেতে পারে। মবিন উল সুলতান প্রথম আলোকে বলেন, ‘সব ঠিক থাকলে এবারই হজটা সেরে আসব।’

ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মেলার আয়োজন করেছে হজ এজেন্সিস অব বাংলাদেশ (হাব)। হাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার প্রথম আলোকে বলেন, এই মেলা হচ্ছে হজযাত্রী ও হজ এজেন্সির মধ্যে সরাসরি যোগাযোগের এক সেতুবন্ধ। বেশির ভাগ হজযাত্রী গ্রাম থেকে আসেন। তাঁদের সেবার বিষয়ে সঠিক ধারণা দিতেই এই আয়োজন।

৬১ বছর বয়সী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এবার হজে যাবেন বলে মনস্থির করেছেন। হজ সম্পর্কে বিস্তারিত জানতে পল্লবী থেকে মেলায় এসেছেন। বললেন, সরকারিভাবে হজে যাওয়ার পদ্ধতি, বেসরকারি হজের বিভিন্ন প্যাকেজ সম্পর্কে জানতে পারলেন। মেলায় এসে তাঁর বেশ উপকার হয়েছে।

মেলায় প্রথম আলোর স্টলে হজযাত্রীদের জন্য বিনা মূল্যে সহায়ক হজ বই বিতরণ করা হচ্ছে। গত ৯ বছরে প্রায় ১০ লাখ হজ সহায়ক বই বিতরণ করা হয়েছে।