জমে ওঠার অপেক্ষায় কামরাঙ্গীরচর হাট
হাটে পশুর সংখ্যা অগুনতি। বিভিন্ন জেলা থেকে কোরবানির পশু নিয়ে এই হাটে আসা ব্যাপারীরা যাঁর যাঁর মতো সুবিধাজনক জায়গা বেছে জমিয়ে বসেছেন। আরও পশু আসছে ট্রলারে, ট্রাকে করে। কিন্তু ক্রেতার সংখ্যা হাতে গোনা।
গতকাল বুধবার বেলা তিনটা পর্যন্ত এমনই ছিল ঢাকার কামরাঙ্গীরচর হাটের চিত্র। ব্যাপারীরা বলছেন, রাতের মধ্যে এই চিত্র বদলে গিয়ে আজ থেকে হাট জমে উঠবে।
আট বছর আগে চালু হওয়া হাটটির ক্রেতা কামরাঙ্গীরচরবাসী। বেড়িবাঁধ থেকে লোহার ব্রিজ পার হয়ে আরও এক কিলোমিটার এগিয়ে গেলে চেয়ারম্যান বাড়ি মোড়। সেখান থেকে ডান দিকের সড়ক ধরে সোজা বুড়িগঙ্গার পাড় পর্যন্ত হাট।
গতকাল বেলা তিনটার দিকে হাটের এক নম্বর হাসিল ঘরে গিয়ে জানা গেল, তখন পর্যন্ত পশু বিক্রি হয়েছে মাত্র একটি। কিন্তু এ নিয়ে বিন্দুমাত্র উদ্বেগ দেখা গেল না সেখানে দায়িত্বরত হাসিবুল ইসলামের। তিনি জানান, ঈদের দুই দিন আগে হাটের এমন চিত্র স্বাভাবিক। তাঁরা এমনই দেখে এসেছেন। আজ এ দৃশ্য থাকবে না।
হাসিবুল ইসলামের সঙ্গে কথোপকথনের মধ্যেই মাইকে শোনা গেল, বুড়িগঙ্গায় দুই ট্রলার ভর্তি গরু নামিয়ে আনার জন্য হাটের স্বেচ্ছাসেবকদের প্রতি নির্দেশ দেওয়া হচ্ছে।
কথা হলো মেহেরপুরের কৃষক নজরুল ইসলামের সঙ্গে। তিনি মাঝারি থেকে খানিকটা বড় আকারের ১৬টি গরু নিয়ে এই হাটে পৌঁছেছেন মঙ্গলবার রাতে। প্রায় একই আকারের প্রতিটি গরুর দাম চাইছেন দেড় লাখ টাকা করে। তবে তখন পর্যন্ত তাঁর একটি গরুও বিক্রি হয়নি।
মূল হাটে ঢোকার মুখে আরেকটি দশাসই ষাঁড়ের দাম জানতে চাইলে বিক্রেতা রইসুল ইসলাম দাম হাঁকলেন আড়াই লাখ টাকা। ব্যাপারীরা বলছেন, সীমিত পরিসরের এই হাটের নিরাপত্তাব্যবস্থা নিয়ে তাঁরা সন্তুষ্ট।