জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবনের নিচে জমে থাকা গ্যাস থেকে উত্তরার ট্রপিক্যাল আলাউদ্দীন টাওয়ারে দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের। ২৪ জুন রাতে ওই দুর্ঘটনায় ছয়জন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উত্তরার ট্রপিক্যাল আলাউদ্দীন টাওয়ারে অগ্নিকাণ্ডের পরপরই পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়। ওই কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত লিফট ছিঁড়ে দুর্ঘটনার কোনো কারণ আমরা খুঁজে পাইনি। ভবনের বেসমেন্ট অংশে গ্যাস জমতে জমতে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। বিস্ফোরণে এমনকি পাঁচতলার লিফটের দরজাও উড়ে গেছে।’
তবে তদন্ত কমিটির প্রধান মোজাম্মেল হোসেন প্রথম আলোকে বলেন, আগুনের উৎপত্তি কোথা থেকে হয়েছে এবং সেটি লিফট পর্যন্ত কী করে গেল বা সত্যিই লিফট ছিঁড়েছিল কি না, সে সম্পর্কে এখনো তদন্ত কমিটি নিশ্চিত নয়। কমিটি এ সম্পর্কে নিশ্চিত হয়ে প্রতিবেদন দেবে।
শুক্রবার রাতেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেছিলেন, ‘মার্কেট কর্তৃপক্ষ বেসমেন্ট নিজেদের মতো করে সংস্কার করেছে। সেখানে বিভিন্ন কার্যালয় তৈরি করেছে। ভবনের পরিকল্পনার মধ্যে এগুলো থাকার কথা নয়।’ খোঁজখবর নিয়ে জানা গেছে, ১৬ তলার ওই ভবনের বেসমেন্টে নির্মাতাপ্রতিষ্ঠান ট্রপিক্যাল হোমসের অফিস, বৈদ্যুতিক সরঞ্জাম এবং কাপড়চোপড়ের গুদাম ও মসজিদ রয়েছে। উদ্ধারকাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের একজন সদস্য বলেন, ভবনটিতে আগুন ছুটছিল গুলির মতো। এতে মসজিদের দেয়াল ধসে পড়ে। লিফটের দরজা উড়ে যায়। ভবনের বাইরের দিকের কাচ ভেঙে পড়ে। ছাদের কিছু অংশও ধসে পড়ে। তবে একতলার লিফটটি একরকম অক্ষত আছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচতলার লিফটটি। ভবনের মার্কেট অংশে ওঠানামা করতে ওই লিফট দুটি ব্যবহৃত হতো।
লিফট ছিঁড়ে পড়ে যাওয়ার সঙ্গে লিফটের দরজা-জানালা বা মসজিদের দেয়াল উড়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, বেসমেন্ট কোনো গ্যাসের লাইন ছিল কি না দেখা দরকার। বেসমেন্টের মতো জায়গায় লম্বা সময় ধরে উচ্চ চাপযুক্ত গ্যাস জমে থাকলে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। গ্যাসের লাইনে কোনো ছিদ্র থেকেও আগুনের স্ফুলিঙ্গ তৈরি হতে পারে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান বলেন, দুর্ঘটনাটি কী কারণে ঘটেছে, খতিয়ে দেখে জানাতে সিটি করপোরেশন, রাজউক, তিতাস গ্যাস, ফায়ার ব্রিগেড ও ডেসকোকে চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘মার্কেটের একজন কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে একটি অপমৃত্যুর মামলা নিয়েছি। তদন্তে দোষী ব্যক্তির পরিচয় বেরিয়ে এলে তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে ট্রপিক্যাল আলাউদ্দীন টাওয়ারের বেসমেন্টে যে গুদামঘর করা হয়েছে, সে সম্পর্কে রাজউক এখনো ‘আনুষ্ঠানিক’ভাবে কিছু জানে না। রাজউক থেকে ২০০৬ সালে ভবনটির নকশা ও পরিকল্পনা পাস করানো হয়। তখন বেসমেন্টে কোনো গুদাম রাখার কথা জানানো হয়নি। রাজউকের অথরাইজড অফিসার আশরাফুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার পর রাজউক একটি তদন্ত কমিটি করেছে। কমিটি যদি দেখে অনিয়ম হয়েছে, তাহলে প্রথমে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে। পরে মামলা করবে।’
মৃত্যুর সঙ্গে লড়াই করছে মাইশা: দুর্ঘটনায় ট্রপিক্যাল হোমসের উপমহাব্যবস্থাপক মাহমুদুল হোসেনের ১১ বছরের মেয়ে মাইশার শরীরের ৫৫ শতাংশ পুড়ে যায়। তার অবস্থার কোনো উন্নতি নেই বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন হোসাইন ইমাম। মাইশার ভাই মুনতাকিনের (আট মাস) শরীরের ২৩ শতাংশ পুড়ে গেছে। তাকে নিয়েও চিকিৎসকেরা ‘দুশ্চিন্তাগ্রস্ত’ বলে জানিয়েছেন হোসাইন ইমাম।
দোকানিদের মাথায় হাত: ট্রপিক্যাল আলাউদ্দীন টাওয়ারে প্রায় চার শ ব্যবসায়ীর দোকান আছে। গতকাল সোমবারও ভবনটিতে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। তবু ব্যবসায়ীরা সকাল থেকেই মার্কেটের সামনে বসে ছিলেন। তৈরি পোশাক ব্যবসায়ী হাজি আমির হোসেন বলেন, ‘সুদে লাখ লাখ টাকার কাপড় তুলেছিলাম। ঈদের বাজারে ভালো ব্যবসা হবে, সব ঋণ শোধ হয়ে যাবে—এমন আশা ছিল। এখন পথে বসার উপক্রম।’