জমে থাকা পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কলাবাগান থানা এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে মিম আক্তার (৭) নামের এক শিশু মারা গেছে। গতকাল শুক্রবার সকালে কাঁঠালবাগানের বক্স কালভার্ট রোড এলাকায় এ ঘটনা ঘটে।
মিমের বাবা ইসমাইল হাওলাদার বক্স কালভার্ট রোড এলাকার ফুটপাতে চায়ের দোকানদারি করেন। শিশু মিম পরিবারের সঙ্গে বক্স কালভার্ট এলাকার এক টিনশেডের বাসায় থাকত। মিম বাক্প্রতিবন্ধী। এ ছাড়া মৃগীরোগেও আক্রান্ত সে।
মিমের পরিবার জানায়, গতকাল সকালে সে দাদার বাসায় যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যাচ্ছিল না। তার দাদার বাসার সামনে জমে থাকা পানির ভেতরে এক রিকশাওয়ালা তাকে দেখতে পান। বেঁচে আছে মনে করে পরিবারের সদস্যরা তড়িঘড়ি করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বসুন্ধরা শপিংমলের বিপরীত পাশে কাঁঠালবাগানের গলি ধরে গেলেই কালভার্ট রোড। রাস্তার পাশে মিমদের টিনশেড বাসা। বাসা থেকে প্রায় ২০০ গজ দূরে মিমের দাদার বাসা। একটি সরু গলির রাস্তা। ওই গলিতেই জমে ছিল গত রাতে বৃষ্টির পানি। গতকাল দুপুরে গলিতে দেখা গেল, তখনো পানিতে সয়লাব পুরো গলি। কাদা আর নর্দমার পানিতে পুরো গলিই নোংরা হয়ে গেছে। ওই পানি মাড়িয়ে দুর্ভোগ সহ্য করে চলাচল করছে মানুষ। উপস্থিত লোকজন জানান, সামান্য বৃষ্টি হলেই ওই গলিতেই কোমর পরিমাণ পানি জমে যায়। সেই পানিতেই ডুবে মারা গেছে মিম।
ইসমাইল প্রথম আলোকে বলেন, প্রায় চার বছর আগে কাঁঠালবাগানের ফার্নিচারের দোকানে আগুন লাগে। আগুন ছড়িয়ে তাদের বাসায়ও লেগেছিল। ওই সময় আগুন দেখে মিম ভয় পেয়ে যায়। এ ভয় পাওয়ার পর থেকে সে বাক্শক্তি হারিয়ে ফেলে। এ ছাড়া তার মৃগীরোগ ছিল।
ইসমাইল বলেন, বৃষ্টির কারণে তাদের বাসায়ও পানি জমে। রাত চারটা পর্যন্ত বাসা থেকে পানি সেচে বাইরে ফেলা হয়। ওই সময় পর্যন্ত মিমসহ পরিবারের কেউ ঘুমাতে পারেনি। চারটার পর সবাই ঘুমিয়ে যায়। সকালে উঠে বাসায় মিমকে পাওয়া যাচ্ছিল না। পরে তার দাদার বাসার সামনে জলাবদ্ধ পানিতে লাশ পাওয়া যায়।
তবে ঘটনার ব্যাপারে গতকাল বিকেল চারটা পর্যন্ত অবগত হননি ওয়াসার কর্মকর্তারা। বিকেল চারটার দিকে যোগাযোগ করা হলে ওয়াসার উপপ্রধান জনসংযোগ কর্মকর্তা জাকারিয়া আল মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনা এখনো শুনিনি।’