জয় আওয়ামী হিংসাশ্রয়ী সুরে সুর মিলিয়েছেন: বিএনপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আওয়ামী হিংসাশ্রয়ী রাজনীতির সুরে সুর মিলিয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি। গত মঙ্গলবার গণভবনে যুবলীগের ইফতারে জয়ের দেওয়া বক্তব্যের প্রতিবাদ করে আজ শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি এই অভিযোগ করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গত মঙ্গলবার জয় বলেন, ‘২১ আগস্ট বোমা হামলায় তারেকই আমার মাকে হত্যা করতে চেয়েছিল।’ এর জবাবে বিএনপির পক্ষ থেকে বলা হয়, ২১ আগস্টের গ্রেনেড হামলার লক্ষ্যবস্তু শেখ হাসিনা হলে ওই দিন তিনি অক্ষত থাকলেন কীভাবে?
সংবাদ সম্মেলনে বিএনপি বলেছে, তারেক রহমান যদি জড়িতই থাকতেন তাহলে এত বড় ঝুঁকি সত্ত্বেও তিনি দেশ ছেড়ে গেলেন না কেন? অপরাধীরা সব সময় অপরাধ করে কেটে পড়ে। কিন্তু ২০০৪ সালে ২১ আগস্ট মর্মান্তিক ঘটনার পর তারেক রহমান দেশে থাকলেন, এক-এগারোর অবৈধ শাসনের নির্যাতন সইলেন কিন্তু তার পরও তো তিনি বিচলিত হননি। লিখিত বক্তব্যে বিএনপি বলেছে, আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের নীলনকশার পরিণাম হচ্ছে ২১ আগস্টের গ্রেনেড হামলা। এটি একটি আন্তর্জাতিক মাস্টার প্ল্যান। বিএনপি সরকারকে বেকায়দায় ফেলার জন্যই কুচক্রীরা এই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছিল। রিজভী বলেন, জাতীয় রাজনীতিতে বিদ্যমান পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনার অঙ্গীকার বা নতুন কোনো দিকনির্দেশনার ইঙ্গিত না দিয়ে জয় আওয়ামী সংস্কৃতির চিরচেনা পথেই হাঁটলেন। তাঁর অভিভাবকদের মতো বিরোধী দলকে শত্রু জ্ঞান করা, প্রতিহিংসামূলক মিথ্যা অভিযোগ এবং অসত্য অপপ্রচারের ঢাকে আরেকটি বাড়ি দিলেন।
সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে বলা হয়, ‘সজীব ওয়াজেদ জয়ের উদ্দেশে বলতে চাই, যেখানে প্রশাসনিক-বিচারিক ও আইনের দণ্ড নির্বাহী বিভাগের প্রধানের আঁচলে বাঁধা থাকে, সেখানে তো পাহাড়ে নৌকা ভাসালেও কারও কিছু বলার নেই। আর আপনি তো স্বয়ং মহা ক্ষমতাধর প্রধানমন্ত্রীর সন্তান। রাজকুমার যদি পুকুরকে নদী বলে, তখনও তো মোসাহিবরা বলবেন যথার্থ। কারণ আপনি ক্ষমতাসীন গোষ্ঠীর নির্লজ্জ চাটুকারিতা ও সহযোগিতার দ্বারা পরিবেষ্টিত। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে, এই বক্তব্যের মধ্য দিয়ে জয় আওয়ামী হিংসাশ্রয়ী রাজনীতির সঙ্গে সুরে সুর মেলালেন। গণতান্ত্রিক রাজনীতির সুশিক্ষা হচ্ছে পরমতসহিষ্ণুতা, শক্তিশালী কাণ্ডজ্ঞান এবং শিষ্ট ও সত্য ভাষা ব্যবহার। জয় তার এই বক্তব্যের মধ্য দিয়ে জনগণের নিকট গণতান্ত্রিক চেতনার সেই দৃষ্টান্ত দেখাতে ব্যর্থ হয়েছেন।’
বিএনপির দাবি, তারেক রহমানকে ইঙ্গিত করে জয় যে বক্তব্য দিয়েছেন তা অরুচিকর, অসত্য, বানোয়াট। সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে সজীব ওয়াজেদ জয়ের তথ্যকে অলীক, উন্মার্গগামী, অসত্ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, আগামী নির্বাচন নিয়ে কুটিল চক্রান্তের ইঙ্গিতবাহী বলে মন্তব্য করা হয়। সজীব ওয়াজেদ জয়ের এ ধরনের বক্তব্যে উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বিএনপি।