জয় পেতে আ.লীগ মরিয়া বিএনপি সুষ্ঠু নির্বাচন চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল পৌর নির্বাচনে মেয়র পদে জয় পেতে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছেন। অন্যদিকে, বিএনপি প্রার্থী প্রশাসনের কাছে সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন।
নান্দাইল পৌরসভার সচিব মো. মাহতাব হোসেন জানান, ১৯৯৭ সালে ১০ অক্টোবর নান্দাইল পৌরসভা প্রতিষ্ঠিত হয়। প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারি।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রথম নির্বাচনে পৌর চেয়ারম্যান (তৎকালীন পদে নাম) হিসেবে নির্বাচিত হন আওয়ামী লীগের মো. রফিক উদ্দিন ভূঁইয়া। ২০০৪ ও ২০১১ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন। এবারও তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করছেন।
দলীয় সূত্রে জানা যায়, রফিক উদ্দিন ভূঁইয়া স্থানীয় সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খানের ঘনিষ্ঠ লোক। অন্যদিকে, সাংসদের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের বনিবনা নেই। ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের চারজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে সাংসদ ও তাঁর সমর্থকেরা জোর চেষ্টা করছেন। তাঁরা ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় নির্বাচন শান্তিপূর্ণ হয় কি না, তা নিয়ে স্থানীয় লোকজনের মনে কিছুটা শঙ্কা রয়েছে।
অন্যদিকে, বিএনপির মেয়র প্রার্থী এ এফ এম আজিজুল ইসলাম ২০১১ সালে প্রথমবার নির্বাচন করে জয়ী হন। ওই সময় তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন নান্দাইল পৌর আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মো. রফিক উদ্দিন ভূঁইয়া ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সহসভাপতি মো. আমিনুল ইসলাম। বিরাজমান রাজনৈতিক বৈরী পরিবেশেও তিনি পৌরসভার নয়টি ওয়ার্ডে নতুন রাস্তা ও নালা নির্মাণ করেছেন। এ ছাড়া বিরোধী দলের আন্দোলনের মাঠে থাকার কারণে তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, নাশকতা চালানোসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা হয়েছে। গত ৩০ নভেম্বর গণসংযোগ করার সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এ অবস্থায়ও বিএনপি থেকে তাঁকে মনোনয়ন দেওয়া হয়। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নানা প্রতিকূলতার মধ্যে তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু নির্বাচন পরিবেশ সৃষ্টি করার আবেদন জানাচ্ছেন।
এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহনূর আলম বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রশাসনের তরফ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া নির্বাচনের আগে প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে সভা করা হবে। প্রশাসনের চেষ্টার কোনো কমতি থাকবে না।
এরপরও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে কয়েকজন ভোটার বলেন, জাতীয় নির্বাচনের প্রতীক দিয়ে এবার স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একজন প্রার্থী ক্ষমতাসীন দল-সমর্থিত। সংগত কারণে তিনি নানা দিকে সহায়তা পাবেন। অন্যজনের সম্বল ব্যক্তিগত জনপ্রিয়তা এবং গত পাঁচ বছরের মেয়র পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা।