জয় লিখেছিলেন 'সেনাবাহিনীর ৩৫ ভাগ সদস্য জঙ্গি': ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তাঁর লেখা একটি প্রবন্ধে উল্লেখ করেছেন, বাংলাদেশের সেনাবাহিনীর শতকরা ৩৫ ভাগ সদস্য জঙ্গি। বিষয়টিকে ফখরুল ‘গভীর ষড়যন্ত্র’ হিসেবে উল্লেখ করেছেন। আজ রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন পরিষদে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মির্জা ফখরুল এই অভিযোগ করেন। খবর ইউএনবির।
বিএনপির নেতা ফখরুল অভিযোগ করেন, বিভিন্ন অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশকে একটি জঙ্গি দেশ হিসেবে পরিচিত করার চেষ্টা করেছেন।
ফখরুল বলেন, ‘এটি একটি গভীর ষড়যন্ত্র।’ তিনি দেশের বিরুদ্ধে এ ধরনের ‘ষড়যন্ত্র’ রুখে দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
বিএনপির নেতা ফখরুল বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কাছে গণতন্ত্র ও জনজীবন নিরাপদ নয়। তিনি বলেন, নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা দেশের ৯০ ভাগ মানুষের দাবি। তিনি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘এই গণদাবি না মানলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে। এজন্য কঠোর আন্দোলন করা হবে।’ তিনি দলের নেতা-কর্মীদের রাস্তায় নামার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।