জয়কে পরিশীলিত ভাষাচর্চার পরামর্শ ফখরুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে এলে বিএনপি বাধা দেবে না। তবে জয়কে পরিশীলিত রাজনৈতিক ভাষার চর্চা করতে বলেছেন ফখরুল।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় ফখরুল এ কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী ও তাঁর ছেলে সজিব ওয়াজেদ জয়ের ‘কটূক্তি’র প্রতিবাদে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য এ সভার আয়োজন করে।
২৩ জুলাই সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, ‘আমার কাছে তথ্য আছে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবেই। বাংলাদেশের মানুষ আর কালো দিনে ফিরে যাওয়ার জন্য বিএনপিকে ভোট দেবে না।’
জয়ের এই বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এই তথ্য কোত্থেকে এনেছেন? হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে?’
মির্জা ফখরুল বলেন, ‘জয় দেশে এসেছেন, কদিন থাকবেন তা আমরা জানি না। কারণ, তিনি ডাবল সিটিজেন। তিনি রাজনীতি করতে চাইলে আমরা বাধা দেব না। কিন্তু দয়া করে পরিশীলিত ভাষার চর্চা করুন।’
ফখরুল বলেন, ‘পত্রপত্রিকায় এসেছে, আজ নাকি রাজনীতিতে জয়ের অভিষেক হবে। অভিষেক হয় রাজপুত্রের। কী ধরনের অভিষেক হয়, তা দেখার অপেক্ষায় আছি।’

জয়ের প্রথম বক্তব্যেই মানুষ তাঁকে সন্দেহ করতে শুরু করেছে বলে মন্তব্য করেন ফখরুল। তিনি অভিযোগ করেন, জয় সব সময় বাংলাদেশকে একটি জঙ্গি দেশ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছেন।

ফখরুল বলেন, গালিগালাজ বা কটূক্তি করে তারেক রহমানকে আটকে রাখা যাবে না। যাঁর মেধা, সম্ভাবনা ও প্রতিভা থাকে, তাঁকে চাপা দিয়ে রাখা যায় না। তারেক রহমান আমেরিকা থেকে উড়ে এসে নেতৃত্ব দিতে আসেননি। দীর্ঘদিন ধরে তিনি মাটি ও মানুষের সঙ্গে সম্পৃক্ত।

বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, আন্তর্জাতিক সম্পাদক আসাদুজ্জামান রিপন, শিক্ষা সম্পাদক খায়রুল কবির প্রমুখ সভায় বক্তব্য দেন।