গ্যাসের বিল বকেয়া থাকায় ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) এবং ৩ আসনে (সোনাগাজী-দাগনভূঞা) ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বহিষ্কৃত নেতা জয়নাল হাজারীর মনোনয়নপত্র গতকাল বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ফেনী-১ আসন ও দুপুরে ফেনী-৩ আসনের শুনানি শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির খোন্দকার এ মনোনয়নপত্র বাতিলের ঘোষনা দেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, ১৪০ মাসের গ্যাসের বিল বকেয়া থাকায় ফেনী-১ (পরশুরাম ফুলগাজী, ছাগলনাইয়া) আসন ও ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে জয়নাল হাজারীর মনোনয়নপত্র বাতিল করা হয়। মনোনয়নপত্র বছাই উপলক্ষে জয়নাল হাজারী সকাল সাড়ে ১০টায় একটি ভাড়া করা হেলিকপ্টারে করে ফেনী পুলিশ লাইনে অবতরণ করেন। সেখান থেকে তাঁকে পুলিশি প্রহরায় জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়। মনোনয়নপত্র বাছাই শেষে তিনি আবার পুলিশি প্রহরায় ফেনী পুলিশ লাইনে পৌঁছে দেওয়ার পর সেখান থেকে বেলা সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশে রওনা হন।
ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান, হেলিকপ্টার থেকে নামার পর তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে পুলিশের সহযোগিতা কামনা করেন। পুলিশ সে অনুযায়ী তাঁকে সহযোগিতা করেছে।