জয়নুল উৎসবে জমজমাট চারুকলার প্রাঙ্গণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে গতকাল জয়নুল মেলায় বড়দের সঙ্গে আসে শিশুরাও। বিস্ময়ের চোখে তারা দেখছে সব বাহারি রঙের শিল্পকর্ম l ছবি: প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে গতকাল জয়নুল মেলায় বড়দের সঙ্গে আসে শিশুরাও। বিস্ময়ের চোখে তারা দেখছে সব বাহারি রঙের শিল্পকর্ম l ছবি: প্রথম আলো

ছেলে কোলে দঁড়িয়ে আছেন মা। বাঁশ আর রঙিন কাগজে ঐতিহ্যবাহী টেপাপুতুলের আদলে তৈরি। বিশাল অবয়ব। চারুকলা অনুষদের লিচুতলাসহ সারা প্রাঙ্গণে সাজিয়ে রাখা বিভিন্ন মাধ্যমের হরেক ভাস্কর্য। গাছপালার ডাল থেকে সুতোয় ঝুলছে রঙিন কাগজের পাখি, প্রজাপতি। দক্ষিণে পথের পাশ দিয়ে কারুপণ্যের স্টলের সারি। প্রতিটি বিভাগের বারান্দায় শিক্ষক ও শিক্ষার্থীদের বর্ণাঢ্য সৃজন সম্ভার। ওদিকে বকুলতলায় সুসজ্জিত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভেতরে ঢুকলেই চোখে পড়ে উৎসবের জমজমাট আয়োজন।
বাংলাদেশের শিল্প আন্দোলনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই উৎসবে যেন উৎফুল্ল হয়ে আছে চারুকলা অনুষদ। জাতীয় পর্যায়ে শিল্পাচার্যের জন্মশতবর্ষের বর্ষব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ ডিসেম্বর জাতীয় জাদুঘরে। (ভুলবশত গতকাল শুক্রবার এই অনুষ্ঠান উদ্বোধন করা হবে বলে ছাপা হয়েছিল)।
গতকাল শুক্রবার শুরু হলো চার দিনের জয়নুল মেলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক মেলার উদ্বোধন করে বলেন, শিল্পাচার্য উপলব্ধি করেছিলেন মানুষের ভেতরে সৌন্দর্যবোধ জাগাতে না পারলে মানবতাবোধ জাগবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পাচার্যের ছেলে খায়রুল আবেদিন ও অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বক্তব্য দেন। সামিট গ্রুপের সহায়তায় এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
শিক্ষার্থীদের গাওয়া ‘আনন্দ লোকে মঙ্গলালোকে’ গানটি দিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠান। উদ্বোধনীর পর ছিল আবৃত্তির পর্ব। সকাল থেকেই শিল্পী ও শিল্পানুরাগীদের সমাগমে আনন্দঘন হয়ে ওঠে অনুষদ চত্বর। সাধারণ লোকে যেন শিল্পকর্ম সংগ্রহ করতে পারেন সে জন্য বিক্রি করা হচ্ছে সুলভে। এ ছাড়া আছে শীতল পাটি, শখের হাঁড়ি, চিত্রল সড়া, ধাতব ও কাঠের পুতুল, শোলার ফুল, পালকি, শঙ্খসহ বৈচিত্র্যময় কারুপণ্য। সন্ধ্যায় বকুলতলার মঞ্চে ছিল স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শিল্পাচার্যের জন্মদিনে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর মধ্য দিয়ে নিয়মিতভাবে জয়নুল উৎসবের আয়োজন শুরু হয় ১৯৮৮ সাল থেকে। ডিন নিসার হোসেন জানান, প্রথমদিকে ছাত্ররাই এর আয়োজন করত। উৎসবটি বড় আয়োজনে করা হচ্ছে ২০০৯ সাল থেকে। বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর পাশাপাশি প্রবর্তন করা হয়েছে জয়নুল সম্মাননা। যাঁরা শিল্পকলা চর্চা ও শিল্পশিক্ষার প্রসারে অবদান রেখেছেন তাঁদের সম্মানিত করা হচ্ছে। এবার সম্মাননা দেওয়া হবে শিল্পী সমরজিৎ রায়চৌধুরী ও ভারতের বরদা এম এস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম মোহাম্মদ শেখকে। এ ছাড়া এবার ৫-৬ ও ১১-১২ জানুয়ারি চারটি সেমিনার হবে জাতীয় জাদুঘর ও ক্রাফট কাউন্সিলের সহায়তায়। এতে দেশের কলাতাত্ত্বিকদের পাশাপাশি ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যলয়ের আদিবাসী শিল্পকলা বিশেষজ্ঞ রাজেশ ভৌমিক এবং কলকাতার গুরুসদয় দত্ত সংগ্রহশালার লোকশিল্প বিশেষজ্ঞ বিজন কুমার মণ্ডল গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।
প্রতিদিন বিকেল সাড়ে চারটা থেকে বকুলতলার মঞ্চে থাকছে শিল্পাচার্যের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী, স্মৃতিচারণা ও সংগীতানুষ্ঠান। আজ সকাল ১০টা থেকে শুরু হবে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মেলা চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।
ইমাজিনেশনের শিশু-কিশোর চিত্রপ্রদর্শনী: শিল্পাচার্যের জন্মশতবার্ষিকী উপক্ষে পাঁচ দিনের শিশু-কিশোর চিত্রকলা প্রদর্শনী শুরু হয়েছে গতকাল ধানমন্ডির দৃক গ্যালারিতে। শিল্পী আবু সেলিম পরিচালতি চারুকলা শিক্ষার প্রতিষ্ঠান ইমাজিনেশন স্কুল ১৯৯৯ সাল থেকে প্রতিযোগিতাভিত্তিক এই প্রদর্শনীর আয়োজন করে আসছে। এবার প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত ৭০ জন খুদে শিল্পীর ছবি নিয়ে প্রদর্শনী চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।
এবারে প্রতিযোগিতায় বয়সভিত্তিক চারটি বিভাগের গ্রান্ড পুরস্কার পেয়েছে পুষ্পিতা রহমান ও জয়নুল আবেদিন স্মৃতি পুরস্কার পেয়েছে কাজী রাফিদ আহমেদ। বিকেলে ডিবিএল গ্রুপের সহায়তায় আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন মানবাধিকার কমিশনের চেয়াম্যান মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক, কার্টুনিস্ট আহসান হাবিব ও ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম। স্বাগত বক্তব্য দেন শিল্পী আবু সেলিম। সঞ্চালনা করেন খুদে শিল্পী সানজিদা আক্তার।