জয়পুরহাট ও কালাইয়ে ৩৪ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র ক্রয়
জয়পুরহাট সদর ও কালাই পৌরসভা নির্বাচনে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থী উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। তবে মেয়র পদে এখনো কোনো প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেননি।
জয়পুরহাট ও কালাই উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট পৌরসভায় কাউন্সিলর পদে ১৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন মনোনয়নপত্র উত্তোলন করেন। এ দিকে কালাই পৌরসভায় কাউন্সিলর পদে ৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
এ ব্যাপারে জয়পুরহাট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মোত্তালিব গতকাল শনিবার বলেন, বৃহস্পতিবার পর্যন্ত ২৪ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন।
এ বিষয়ে কালাই উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, তাঁর কার্যালয় থেকে এ পর্যন্ত ১০ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন।