জয়পুরহাট ও শিবগঞ্জে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট ও বগুড়ার শিবগঞ্জে গত বুধবার রাতে ঝড় ও শিলাবৃষ্টিতে আলু, সরিষা, গম ও আমের মুকুলের ক্ষতি হয়েছে। শিবগঞ্জে শিলা পড়ে পাঁচ শতাধিক বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে বৃষ্টির সঙ্গে শিলা পড়তে থাকে। শিলাবৃষ্টিতে গম, সরিষা ও আমগাছের মুকুল ঝরে পড়ে। ক্ষেতলাল ও কালাই উপজেলার আলুর জমিতে পানি জমে গেছে। এতে আলু নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
কালাই উপজেলার ছত্রগ্রামের কৃষক আবদুল লতিফ ও সড়াইল গ্রামের কৃষক সুজাউল ইসলাম জানান, বুধবার রাতে শিলা ও বৃষ্টিতে সরিষা, গম, আলু ও আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। বড় বড় শিলা পড়ায় অনেকের বসতঘরের টিন ছিদ্র হয়ে গেছে।
বিয়ালা গ্রামের নজরুল ইসলাম জানান, তিনি ৪০ শতক জমিতে আলু লাগিয়েছেন। এখন বৃষ্টির পানি জমে যাওয়ায় সেচ দিয়ে তা সরিয়ে ফেলেছেন। জমির মাটি ভেজা থাকায় আলু তোলার মুহূর্তে কিছুটা হলেও আলুর ক্ষতি হবে।
জয়পুরহাট সদর উপজেলার কমরগ্রামের কৃষক আজিজার রহমান জানান, শিলাবৃষ্টিতে তাঁর বসতঘরের ১০টি টিনের বেশ কয়েকটি স্থানে ছিদ্র হয়ে গেছে।
সদর উপজেলার বম্বু ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও পুরানাপৈল ইউপির চেয়ারম্যান শফিউল আলম জানান, শিলাবৃষ্টিতে তাঁদের ইউনিয়নের বিভিন্ন গ্রামে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা আবদুল মজিদ জানান, জেলার আলুখেতের জমি থেকে প্রায় ৭০ ভাগ আলু কৃষকেরা ঘরে তুলেছেন। কিছু জমিতে আলু, গম ও সরিষা থাকলেও ব্যাপক কোনো ক্ষতি হয়নি।
বগুড়ার শিবগঞ্জের সৈয়দপুর ইউনিয়নে বুধবার রাত সাড়ে ১০টায় ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। এতে জমিতে থাকা ধান, পেঁয়াজ ও সবজি নষ্ট হয়েছে। খেতের পর খেতজুড়ে নুয়ে পড়েছে কলাগাছ। হাবিবপুর গ্রামের বাসিন্দা, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজার রহমান বলেন, ‘রাতে ঘুমিয়েছিলাম। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। জেগে দেখি, শিলায় ঘর ভর্তি হয়ে গেছে। এতে আশপাশের ছয় গ্রামের কমপক্ষে ৫০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, শিলাবৃষ্টির কারণে সৈয়দপুর ইউনিয়নের ৭৫ বিঘা জমির গম, ৭৫ বিঘা জমির পেঁয়াজ, ৩৩ বিঘা জমির রসুন-বেগুন, ৩৩ বিঘা জমির সবজি নষ্ট হয়ে গেছে। এ ছাড়া আলু ও কলাগাছের ব্যাপক ক্ষতি হয়েছে।
সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হোসেন বলেন, ‘এই ইউনিয়নের মানুষ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারিভাবে সাহায্য না করলে তাদের অনেককেই মানবেতর জীবনযাপন করতে হবে।’