জয়পুরহাট হাসপাতালের বরাদ্দ ফেরত, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সদর হাসপাতালে চলতি অর্থবছরে ওষুধ ও অস্ত্রোপচারের জন্য ব্যান্ডেজ, তুলাসহ বিভিন্ন সামগ্রী কিনতে বরাদ্দ দেওয়া ৬৫ লাখ টাকা ফেরত গেছে। এসব সামগ্রী কেনার জন্য দরপত্র আহ্বানে অনিয়মের অভিযোগ ওঠায় স্বাস্থ্য অধিদপ্তর ওই টাকা ফেরত নিয়ে গেছে।
তাই এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের ওষুধ ও অস্ত্রোপচারের কাজে ব্যবহূত বিভিন্ন সামগ্রী বাইরে থেকে কিনতে হচ্ছে। এতে গরিব রোগীদের সমস্যা বেশি হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে সরকার এ হাসপাতালের জন্য এক কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়। ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, পরিবহনসহ নানা খাতে ৮৯ লাখ ৫০ হাজার টাকা ব্যয় করা হয়। গত ৮ এপ্রিল দৈনিক করতোয়া পত্রিকায় বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম কিনতে দরপত্র আহ্বান করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী একটি জাতীয় বাংলা ও একটি জাতীয় ইংরেজি দৈনিকে বিজ্ঞপ্তি দেওয়ার কথা। হাসপাতাল কর্তৃপক্ষ সেই নির্দেশনা অনুসরণ না করায় স্বাস্থ্য অধিদপ্তর ওই দরপত্র অনুমোদন করেনি। এ কারণে গত ৩০ জুন বাকি ৬৫ লাখ টাকা ফেরত গেছে। তাই হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ কিনতে পারছে না। এতে রোগীরা ভোগান্তিতে পড়েছে।
৯ সেপ্টেম্বর হাসপাতালে গেলে রোগীরা অভিযোগ করেন, অস্ত্রোপচারের কাজে ব্যবহূত শিরিঞ্জ, গজ, ব্যান্ডেজ, তুলা, ওষুধ ও হ্যান্ড গ্লাভসও রোগীদের কিনে আনতে হচ্ছে। হাসপাতালে ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন নওগাঁর ধামইরহাটের উত্তর কালুপাড়া গ্রামের পান্না বেগমকে এক হাজার ১০০ টাকার ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কিনতে হয়েছে।
ক্ষেতলাল উপজেলার আমিরা গ্রামের নাসির উদ্দিন জানান, তাঁর ছেলে আবদুল মুমিনের (১১) হাত ভেঙেছে। অস্ত্রোপচারের জন্য ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কিনতে তাঁর দেড় হাজার টাকা খরচ হয়েছে। হাসপাতাল থেকে কিছুই সরবরাহ করা হয়নি।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সাইদুর রহমান দাবি করেন, বহির্বিভাগের রোগীদের ওষুধ দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের সব ওষুধ দেওয়া যাচ্ছে না।
হাসপাতালের তত্ত্বাবধায়ক নোমান চৌধুরী জানান, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশে ক্রটি হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর দরপত্র অনুমোদন করেনি। এ কারণে কিছু টাকা ফেরত গেছে। গত ২৬ আগস্ট দরপত্র অনিয়মের বিষয়টি তদন্তের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (হাসপাতাল-১) ফজলুল করিম এ হাসপাতালে আসেন। তিনি জানান, বিষয়টি এখনো তদন্তাধীন। কোনো অনিয়ম বা গাফিলতি থাকলে তা উল্লেখ করে মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।