
বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বুধবার রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। যুক্তি উপস্থাপনকালে তাঁর সর্বোচ্চ শাস্তি দাবি করে রাষ্ট্রপক্ষ বলেছে, একাত্তরে আবদুল আলীম ছিলেন জয়পুরহাটে অপরাধের কম্পাস (কেন্দ্রবিন্দু)।
আজ বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রাষ্ট্রপক্ষ তাঁদের যুক্তি উপস্থাপন শেষ করেন। জামিনে থাকা আলীম এ সময় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ আজ আলীমের বিরুদ্ধে অপরাধের আইনগত যুক্তি তুলে ধরেন। এ সময় তিনি বলেন, আলীমের পরিকল্পনায় জয়পুরহাটে বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, যার নেতৃত্বের দায় আলীম এড়াতে পারেন না। তিনি ছিলেন অপরাধের কম্পাস। তিনিই ঠিক করে দিতেন, কাকে নির্যাতন করতে হবে, কাকে হত্যা করতে হবে। পাশাপাশি বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধের দিকনির্দেশনা দিতেন আলীম।রাষ্ট্রপক্ষের এ কৌঁসুলি আরও বলেন, ‘রাষ্ট্রপক্ষের সমস্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে একাত্তরে আবদুল আলীমের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণিত হয়েছে। একাত্তরে তিনি যে ঘৃণ্য মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছেন, তার জন্য আমরা তাঁর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করছি।’
রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-২।