জয়পুরহাটে আলুবীজের দাম চড়া, কৃষক দিশেহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে গত মৌসুমের চেয়ে এবার প্রায় দ্বিগুণ দামে কৃষকদের আগাম জাতের হল্যান্ড সাদা আলুবীজ (গ্যানোলা ও ব্যানোলা) কিনতে হচ্ছে। এতে চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন।
এদিকে আলুবীজের দাম কমানোর দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট গত মঙ্গলবার জয়পুরহাট শহরে মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশ শেষে এ ব্যাপারে ফ্রন্টের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
চলতি মৌসুমে জেলার বিভিন্ন হাটবাজারে গ্যানোলা ও ব্যানোলা জাতের প্রতি বস্তা (৮০ কেজি) আলুবীজ এক হাজার ৬০০ থেকে দুই হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। গত মৌসুমে একই মানের আলুবীজের দাম ছিল ৮০০ থেকে এক হাজার ১০০ টাকা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জয়পুরহাট সদর, ক্ষেতলাল ও পাঁচবিবি উপজেলার কৃষকেরা দীর্ঘদিন ধরে আগাম জাতের হল্যান্ড সাদা আলু চাষ করছেন। আশ্বিন মাসের তৃতীয় সপ্তাহ থেকে কার্তিক মাস পর্যন্ত ওই আলু কৃষকেরা চাষ করেন। আলুবীজ লাগানোর ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে উৎপাদিত আলু বাজারে বিক্রি করা সম্ভব হয়।
সদর উপজেলার পুরানাপৈল গ্রামের কৃষক আশরাফ আলী জানান, তিনি গত বছর গ্যানোলা আলুর এক বস্তা বীজ কিনেছিলেন এক হাজার টাকায়। অথচ গত বুধবার এই আলুর বীজ কিনেছেন এক হাজার ৭০০ টাকায়। একই উপজেলার জামালপুর গ্রামের কৃষক সামসুল ইসলাম জানান, তিনি এবার ২০ বিঘা জমিতে আলু চাষ করবেন। ইতিমধ্যে দুই বিঘা জমিতে আগাম আলুবীজ রোপণ করেছেন। গত বছর প্রতি বস্তা আলুবীজ কিনেছেন ৮০০ থেকে এক হাজার টাকায়। সেই একই মানের আলুবীজ এবার কিনতে হচ্ছে এক হাজার ৬০০ থেকে দুই হাজার টাকায়। এবার আলুবীজের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচও বেশি হবে। প্রতি বিঘা জমিতে আগাম জাতের আলুর চাষ করতে ১২-১৪ হাজার টাকা খরচ হয়। বিঘাপ্রতি আগাম আলু ৩০ থেকে ৫০ মণ উৎপাদন হয়।
ক্ষেতলাল উপজেলার ঘুগইল গ্রামের কৃষক আতাউর রহমান জানান, তিনি এবার দুই বিঘা জমিতে আলু চাষ করবেন। উপজেলার ইটাখোলা বাজারে গত বছরের তুলনায় এবার প্রায় দ্বিগুণ দামে আলুবীজ বেচাকেনা হচ্ছে।
জামালগঞ্জ চারমাথার আলুবীজ ব্যবসায়ী মাহফুজ রহমান বলেন, গতবারের তুলনায় এবার আলুবীজ অনেক বেশি দামে কিনতে হয়েছে। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এবার প্রতি বস্তা আলুবীজ এক হাজার ৬০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গত বছর ওই আলুবীজ ৮০০ থেকে এক হাজার ১০০ টাকা দামে বিক্রি করা হয়েছে।
জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ জেড এম ছাব্বির ইবনে জানান, বিএডিসির আলুবীজ গত বছর প্রতি কেজি ২৯ টাকা দামে ডিলারদের মাধ্যমে বিক্রি করা হয়েছে। এবারও একই দামে বিএডিসির বীজ বিক্রি শুরু হয়েছে। বাজারে বীজের দাম কমবেশি হলেও আগাম জাতের আলু চাষে লক্ষ্যমাত্রা পূরণ হবে। তিনি জানান, জেলায় প্রতিবছর আট থেকে ১০ হাজার হেক্টর জমিতে আগাম জাতের হল্যান্ড সাদা আলু চাষ হয়ে থাকে। ঢাকায় এই আলুর ব্যাপক চাহিদা থাকায় কৃষকেরা এই আলু চাষ করে থাকেন।