জয়পুরহাটে কিডনি বেচাকেনার দালালসন্দেহে আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলায় অভাবী মানুষদের টাকার প্রলোভন দেখিয়ে কিডনি বেচাকেনা ব্যবসার দালাল সন্দেহে গতকাল বৃহস্পতিবার দুজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলার বহুতি গ্রামের আবদুস সাত্তার (৪০) ও মিজানুর রহমান (২১)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন গ্রামের অভাবী মানুষকে টাকার প্রলোভন দেখিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে কিডনি বেচাকেনার ব্যবসা চালিয়ে আসছিল। এ ঘটনায় ২০১১ সালে প্রথম আলোর প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ওই চক্রের বিরুদ্ধে মামলা করে পুলিশ। গত বছরের ৩১ অক্টোবর ওই মামলায় ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ওই ১৪ জন জামিনে কারাগার থেকে বেরিয়ে আসেন। কিন্তু পরে তাঁদের অন্তত পাঁচজন আবার কিডনি বেচাকেনার ব্যবসায় সক্রিয় হয়ে ওঠেন। এ ঘটনায় গতকাল প্রথম আলোতে ‘একই দালালেরা আবার কিডনি বাণিজ্যে’ শিরোনামে খবর প্রকাশিত হয়। এরপর ওই দুজনকে আটক করে পুলিশ।
অভিযোগ রয়েছে, গত নয় মাসে দালালেরা উপজেলার অন্তত ১৫ জন দরিদ্র নারী-পুরুষের কিডনি বিক্রি করিয়েছেন। কিডনি বিক্রেতাদের ভুয়া নাম-ঠিকানা দিয়ে জাল জাতীয়পত্র ও পাসপোর্ট করিয়ে ভিসা করিয়ে মূলত ভারতে নিয়ে গিয়ে কিডনি আহরণ করা হচ্ছে। ঢাকায় নিয়ে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে কিডনি আহরণের জন্য তৈরি রাখা হয়েছে আরও ১০ জনকে। গত কয়েক দিনে কালাইয়ের তিনটি ইউনিয়নের ১০টি গ্রামে কিডনি বাণিজ্যের দালাল চক্র বেশ সক্রিয় হয়ে ওঠে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী গতকাল রাত নয়টার দিকে প্রথম আলোকে জানান, পুলিশের দায়ের করা মামলায় সাত্তার কারাগারে ছিলেন। পরে তিনি আদালত থেকে জামিনে বেরিয়ে আসেন। মিজানুর ওই চক্রের নতুন সদস্য কিনা খতিয়ে দেখা হচ্ছে। মামলার প্রক্রিয়া চলছে।