জয়পুরহাটে জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপন বৈঠক চলাকালে গতকাল বৃহস্পতিবার জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশ ও থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দিওর গ্রামের একটি বাড়ি থেকে জেলা জামায়াতের আমিরসহ আটজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমির তছলিম উদ্দিন ও সেক্রেটারি সুজাউল করিম, কালাই উপজেলা জামায়াতের আমির তাইফুল ইসলাম, ওই বাড়ির মালিক ও জামায়াতের রুকন আবদুল বাতেন, জামায়াতের অপর রুকন আবদুল আলীম ও জামায়াত-সমর্থক জোবাইদুল ইসলাম।
জয়পুরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে সদর উপজেলার দিওর গ্রামের জামায়াতের রুকন আবদুল বাতেনের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে ছয়জনের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। এর মধ্যে জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদের বিরুদ্ধে নাশকতার তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। নাশকতা ঘটানোর পরিকল্পনার অভিযোগে সদর থানার উপপরিদর্শক আবদুস সালাম বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করছেন।