জয়পুরহাটে দেয়ালচাপায় মা-ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলার পাঁচবিবি উপজেলার কাশিয়া চাঁপড় গ্রামে দেয়ালধসে মা ও ছেলে নিহত হয়েছেন। একই উপজেলার ফিচকার ঘাট এলাকায় খলিফাপাড়া গ্রামের আবদুল হামিদ (৫৫) নামের একজন কৃষক বজ্রপাতে মারা গেছেন।
আজ শুক্রবার ভোর ছয়টার দিকে পাঁচবিবিতে কালবৈশাখী শুরু হয়। এতে আজিজুল ইসলামের স্ত্রী জুলেখা বেগম (২৫) ও তাঁর ছেলে আমান উল্লাহ (আট মাস) ঘরের মাটির দেয়ালচাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।
ঝড়ের ঘটনায় জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের কেন্দুল গ্রামের আবুল হোসেনের স্ত্রী নাসরিন বেগম (২৫), পাঁচবিবির কাশিড়া গোবিন্দপুর গ্রামের আজাদুলের স্ত্রী গোলাপী বেগম (২৩) ও শহরের চিত্রাপাড়ার গিয়াস মণ্ডল আহত হন। তাঁদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝড়ে পাঁচবিবি ও সদর উপজেলার বেশ কয়েকটি গ্রামের কয়েক শ কাঁচা বাড়ি-ঘর ভেঙে গেছে। এ ছাড়া ওই এলাকার বিপুলসংখ্যক গাছপালা উপড়ে পড়ে। ক্ষতিগ্রস্ত এলাকার জনপ্রতিনিধিরা এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জয়পুরহাট সদর উপজেলার কেন্দুল গ্রামের আবুল হোসেনের স্ত্রী আহত নাসরিন বেগম ও কাশিড়া গোবিন্দপুর গ্রামের আহত গোলাপী বেগমের স্বামী আজাদুল ইসলাম জানান, আজ ভোরে হঠাত্ প্রচণ্ড ঝড় ও বৃষ্টিতে তাঁদের বাড়িসহ এলাকার অনেকের বাড়িঘরে টিনের চালা ও ছাপড়া ঘরের টিন ও গাছপালা উড়ে যায়। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের আবাসিক চিকিত্সক সাইদুর রহমান বলেন, আহত ওই তিনজনকে চিকিত্সা দেওয়া হয়েছে। এর মধ্যে নাসরিন বেগমের মাথার আঘাতটি গুরুতর।
জয়পুরহাট জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন সাংবাদিকদের জানান, ক্ষতি অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হবে।