জয়পুরহাটে পাটের বাজার মন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটের প্রত্যাশিত দাম না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন জয়পুরহাটের পাটচাষিরা। বর্তমান বাজারদরে কৃষকদের বিঘাপ্রতি দুই হাজার থেকে তিন হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে। দু-তিন বছর ধরে প্রত্যাশিত দাম না পাওয়ায় পাট চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন চাষিরা।

সরেজমিনে জানা গেছে, জয়পুরহাটের বিভিন্ন হাটবাজারে বর্তমানে প্রতি মণ পাট প্রকারভেদে ৮০০ থেকে এক হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে। কৃষকেরা জানান, এক বিঘা পাট উৎপাদন করে বর্তমান বাজারদরে বিক্রি করে তাঁদের বিঘাপ্রতি দুই থেকে তিন হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে। এক বিঘা পাট উৎপাদন করতে নয় হাজার থেকে দশ হাজার টাকা খরচ হয়। চলতি মৌসুমে প্রচণ্ড খরায় এবার বিঘাপ্রতি পাটের ফলনও কম হয়েছে। জেলার নিচু জমিগুলোতে পাটের উৎপাদন কিছুটা বেশি হলেও উঁচু জমিতে ফলন-বিপর্যয় ঘটেছে।

পাঁচবিবি উপজেলার সাড়ারপাড়া গ্রামের কৃষক আবদুল মান্নান জানান, পাঁচবিবি এলাকায় নিচু   জমিতে বিঘাপ্রতি আট-নয় মণ পাট উৎপাদন হয়েছে। কিন্তু উঁচু জমিতে এবার পাটের ফলন ভালো হয়নি।  একই উপজেলার পাটাবুকা গ্রামের কৃষক মোবারক আলী জানান, তিনি পাঁচ বিঘা জমিতে পাট চাষ করেছেন। এতে তাঁর লোকসান গুনতে হবে প্রায় ৮-১০ হাজার টাকা।

সদর উপজেলার দিওর গ্রামের কৃষক মোতাহার হোসেন জানান, এবার এক বিঘা জমিতে পাট চাষ করে নয় মণ পাট পেয়েছেন। এক বিঘা জমিতে হালচাষ, পাটবীজ, নিড়ানি, সার, পাট জাগ দেওয়া ও আনুষঙ্গিক খরচ হয়েছে নয় হাজার ৮৭০ টাকা। বর্তমান বাজারে ওই পাট বিক্রি করে লোকসান হবে এক হাজার টাকা। একই এলাকার কৃষক এরফান আলী জানান, উঁচু জমিতে পাট চাষ করে এক বিঘায় সাত মণ ফলন হয়েছে। খরার কারণে পাটের মানও ভালো হয়নি।

জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় তিন হাজার ৩৯৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০ হাজার বেল (১৮০ কেজিতে এক বেল)। গত বছরের তুলনায় ৫৫ হেক্টর কম জমিতে এবার পাট চাষ হয়েছে।

পাট ব্যবসায়ী আশরাফ আলী জানান, বৃহস্পতিবার সদর উপজেলার পুরানাপৈল বাজারে   ভালো মানের প্রতি মণ পাট বিক্রি হয়েছে এক হাজার  ৫০ টাকা এবং নিম্নমানের পাট ৯০০ থেকে ৯২০ টাকা।

জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দেলবর হোসেন জানান, বর্তমানে বাজারে পাটের দাম কম হওয়ায় কৃষকদের লোকসান গুনতে হচ্ছে।