টানা অবরোধের কারণে জয়পুরহাট জেলায় ভোজ্যতেল সয়াবিনের দাম বেড়েছে। এক মণ আলুর দামে কৃষককে কিনতে হচ্ছে দেড় কেজি সয়াবিন। জেলার বিভিন্ন হাটবাজারে খোলা সয়াবিন কেজিপ্রতি ২৫ থেকে ৩০ টাকা বেড়েছে। বোতলজাত সয়াবিনের দাম বেড়েছে লিটারে ৮ থেকে ১০ টাকা।
গতকাল শনিবার জয়পুরহাট শহরে সরেজমিনে এবং বিভিন্ন উপজেলার গ্রামগঞ্জের বাজারে পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, টানা অবরোধে জেলায় সয়াবিন সরবরাহ কমে যাওয়ায় দামও বেড়েছে। শহরের ব্যবসায়ী সাহা ট্রেডার্সের মালিক সীতারাম সাহা জানান, গতকাল সকালে তিনি ঢাকা থেকে সয়াবিনের এক ট্রাক ড্রাম নিয়ে এসেছেন। এতে ট্রাকের ভাড়া গুনতে হয়েছে ৬০ হাজার টাকা। অবরোধের আগে এই ভাড়া ছিল ১৩ থেকে ১৪ হাজার টাকা। প্রতি কেজি খোলা সয়াবিন তিনি পাইকারি ১১৫ টাকায় বিক্রি করছেন। আর খুচরা ১১৮ টাকা কেজি বিক্রি হচ্ছে।
শহরের নতুনহাট এলাকার ব্যবসায়ী মুদি দোকানি রবিউল ইসলাম জানান, পাইকারি ১১৬ টাকা কেজি দরে খোলা সয়াবিন কিনে তাঁরা ১১৮-১২০ টাকায় বিক্রি করছেন। অবরোধের আগে ৯০ থেকে ৯২ টাকা প্রতি কেজি সয়াবিন বিক্রি হতো। সেই হিসাবে বোতলজাত সয়াবিনের দাম খুব একটা বাড়েনি। পাইকারি হিসেবে প্রতি কেজি ১০২-১০৩ টাকায় কিনে ১১০-১১২ টাকায় বিক্রি হচ্ছে।
সদর উপজেলার জামালগঞ্জ চারমাথা, জামালগঞ্জ বাজার, পাঁচবিবি, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে প্রতি লিটার খোলা সয়াবিন ১২০ টাকা এবং বোতলজাত ১১০ টাকায় বিক্রি হচ্ছে।
পাঁচবিবি উপজেলার মাদ্রাসাশিক্ষক সাইফুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার তিনি এক কেজি সয়াবিন ১২০ টাকায় কিনেছেন।
জয়পুরহাট শহরে গতকাল সাপ্তাহিক হাটবারে আলু বিক্রি করতে এসেছিলেন কৃষকেরা। সদর উপজেলার ধুলাতর গ্রামের কৃষক ফজলুর রহমান ও দাদরা জন্তিগ্রামের আনিসুর রহমান জানান, সাদা হল্যান্ড জাতের এক মণ আলু ১৮০ টাকা দরে বিক্রি করে তাঁদের দেড় কেজি খোলা সয়াবিন ১৮০ টাকায় কিনতে হচ্ছে।
গতকাল শহরের নতুন হাটে তেঘর গ্রামের রাশেদুল ইসলাম বলেন, অবরোধের কারণে কৃষকেরা তাঁদের উৎপাদিত ফসল বিক্রি করছেন পানির দামে আর নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনছেন বেশি দামে। এ রকম চললে তাঁদের পথে বসতে হবে।