জয়পুরহাটে রেলের স্প্যানড্রেল প্লেট খুলেছে পিকেটাররা
জয়পুরহাট সদর উপজেলার উড়িমাধবপাড়া এলাকায় শ্রী নদীর দক্ষিণ পাশে অবস্থিত জয়পুরহাট-জামালগঞ্জ রেলপথের স্প্যানড্রেল প্লেট খুলে ফেলেছে পিকেটাররা। এতে জয়পুরহাট থেকে ঢাকা, খুলনা ও রাজশাহী রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে প্রায় ৫০ জন পিকেটার জয়পুরহাট-জামালগঞ্জ রেলপথে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং ৪০টি স্প্যানড্রেল প্লেট খুলে ফেলে। এতে জয়পুরহাট সান্তাহার-পার্বতীপুর লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে জয়পুরহাটের সঙ্গে ঢাকা, রাজশাহী ও খুলনা রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান জয়পুরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলাম, জয়পুরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫-এর অধিনায়ক জাহিদ হোসেন। তাঁদের তত্ত্বাবধানে রেললাইন মেরামতের কাজ করছেন রেলওয়ের কর্মীরা।
প্রথম আলো ডটকমকে এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার।