জয়পুরহাটে সাবেক স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বড়পুকুরিয়া গ্রামে পেট্রল ঢেলে আগুন দিয়ে মর্জিনা (২৫) নামের এক নারীকে পুরিয়ে মারার চেষ্টা করা হয়েছে। তাঁকে গুরুতর আহত অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর সাবেক স্বামী ইলিয়াস আলী এ ঘটনায় জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন মর্জিনা অভিযোগ করেন, ইলিয়াস আলীর অত্যাচারের কারণে তিনি নিজে থেকে তাঁকে তালাক দেন। বাবা-মা তাঁকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এ কারণে ইলিয়াস আলী গত শনিবার রাত নয়টার দিকে তাঁর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যান। এতে তাঁর মুখমণ্ডল, দুই হাত, কান ও পিঠের এক অংশ ঝলসে যায়।
জয়পুরহাটের পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, বিষয়টি তিনি জানেন না। এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জয়পুরহাট আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক আতাউর রহমান জানান, মেয়েটির মুখোমণ্ডল, দুই হাত ও শরীরের কিছু অংশ আগুনে পুড়ে গেছে।