জয়পুরহাটে হামলায় ব্যবসায়ী আহত, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট শহরে গত শনিবার রাতে প্রতিপক্ষের হামলায় সোহেল হোসেন নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা আওয়ামী লীগের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছেন।
র‌্যাব, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভারতীয় জিরার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে জয়পুরহাট পৌর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আদিল হোসেনের সঙ্গে জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকার সোহেল হোসেনের (২৮) বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে গত শনিবার রাত আটটার দিকে ধানমন্ডি এলাকায় প্রতিপক্ষের লোকজন সোহেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে চলে যায়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় গতকাল রাতেই তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার রাতেই শহরের ধানমন্ডি এলাকার বাবু হোসেন (৩০), মোহাম্মদ আলী (৩২) ও আদিল হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। আদিলের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। তাঁদের গতকাল রোববার দুপুরে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জয়পুরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুনিরুল শহিদ জানান, আদিল হোসেন পৌর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) খায়রুল বাসার জানান, এ ঘটনায় গতকাল বিকেলে সোহেলের স্ত্রী হিয়া বেগম আদিলসহ উল্লিখিত তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ওই তিনজনকে গতকালই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।