জয়পুরহাটে হামলার ঘটনায় ৩ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই, বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট ও পুলিশের সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জামায়াত-শিবিরের ৭৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ছয় শ জনকে আসামি করা হয়েছে।
এদিকে, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া জামায়াত নেতা শাহ আলমকে গতকাল রোববার পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে গুলিবিদ্ধ অবস্থায় দুই শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গত শনিবার রাতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) জয়পুরহাটের ওসি মাহফুজার রহমান বাদী হয়ে দুটি এবং সদর থানার উপ-পরিদর্শক আবদুল হাকিম একটি মামলা করেছেন। দ্রুত বিচার আইনে মামলাগুলোতে সদর উপজেলার আমদই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, স্থানীয় জামায়াত নেতা জয়বর আলী, শিবির নেতা নাহিদ হোসেন ও দেলোয়ার হোসেনসহ ৭৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ছয় শ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় দুই শিবিরকর্মী আহসান হাবিব (২২) ও নজরুল ইসলামকে (২৮) গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের গুলিতে আহত হয়ে দুজনই পুলিশের পাহারায় জয়পুরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গত শুক্রবার ডিবির একটি দল সদর উপজেলার মাধাইনগর বাজার এলাকা থেকে জামায়াত নেতা শাহ আলমকে গ্রেপ্তার করে। ফেরার পথে মীরগ্রাম চৌমুহনী বাজার এলাকায় জামায়াত-শিবিরের নেতা-কর্মী ও সমর্থকেরা পুলিশকে পিটিয়ে তাঁকে ছিনিয়ে নিয়ে যান। এ সময় ডিবির পাঁচজন আহত হন। গ্রামবাসী আহত পুলিশ সদস্যদের উদ্ধারে সহযোগিতা করায় ক্ষুব্ধ হয়ে পরদিন শনিবার মিটনা পাটের পুকুর গ্রামে জামায়াত শিবিরের নেতা কর্মীরা দুটি বসতবাড়িতে অগ্নিসংযোগ, ছয়টি বাড়ি ভাঙচুর ও লুটপাট চালায়।