জয়া সেনগুপ্তাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জাপা-জাসদের প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়া সেনগুপ্তা
জয়া সেনগুপ্তা

সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শূন্য হওয়া সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়া সেনগুপ্তাকে সমর্থন জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টি ও জাসদের প্রার্থীরা। গতকাল সোমবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় দুই প্রার্থীর উপস্থিতিতে এ ঘোষণা দেওয়া হয়।
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ। সভার শুরুতে জয়া সেনগুপ্তাকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দেন জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী শেখ জাহির আলী। এ সময় টেলিফোনে মনোনয়নপত্র প্রত্যাহারের কথা জানান জাসদ (ইনু) প্রার্থী আমিনুল ইসলাম। একই সময় তিনি দিরাইয়ে অপর এক সভায় প্রার্থিতা প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
দুই প্রার্থী সরে যাওয়ার ঘোষণার পর মতবিনিময় সভায় বক্তব্যে মিসবাহউদ্দিন সিরাজ বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন বাংলাদেশের রাজনীতির অহংকার। তাঁর মৃত্যুতে সুনামগঞ্জসহ গোটা দেশের মানুষ শোকাহত। সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রয়াত এ নেতার সহধর্মিণীকে দলীয় মনোনয়ন দিয়েছেন। প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শ্রদ্ধা ও আওয়ামী লীগ এবং মহাজোট নেত্রী শেখ হাসিনার প্রতি সম্মান জানিয়ে দুটি দলের প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শামসুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় নির্বাচন থেকে সরে দাঁড়ানো জাতীয় পার্টির প্রার্থী ও সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাহির আলী, জেলা গণতন্ত্রী পার্টির সাংগঠনিক সম্পাদক গুলজার আহমদ, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য দেন।
৩০ মার্চ সুনামগঞ্জ-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ফায়েজ আলী মাহবুব হোসেনের সঙ্গে লড়তে হবে আওয়ামী লীগ প্রার্থী জয়া সেনগুপ্তাকে।