জয়ী হয়ে মহা খুশি বিএনপি-সমর্থিত প্রার্থী
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে বিএনপি-সমর্থিত একজন কাউন্সিলর পদপ্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ফলফল পেয়ে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন তিনি। অথচ, নির্বাচন নিয়ে তাঁর দলের অবস্থান ঠিক উল্টো।
ওই কাউন্সিলর পদপ্রার্থীর নাম সাজ্জাদ হোসেন। ঘুড়ি প্রতীক নিয়ে ১৪ হাজার ৮৯২ ভোট পেয়েছেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) ইসমাইল হোসেন। ঠেলাগাড়ি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১০ হাজার ৩৩৬ ভোট। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী কদম আলী মাদবর। তিনি পেয়েছেন ছয় হাজার ভোট।
গতকাল মঙ্গলবার ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচন হয়। ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করে বিএনপি। গতকালই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ঢাকায় মির্জা আব্বাসের পক্ষে তাঁর স্ত্রী আফরোজা আব্বাস ও তাবিথ আউয়াল এবং চট্টগ্রামে মনজুর আলম।
তিন সিটিতেই আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন ঢাকা উত্তরে আনিসুল হক ও দক্ষিণে সাঈদ খোকন এবং চট্টগ্রামে আ জ ম নাছির উদ্দিন।
বিএনপি নির্বাচন বর্জন করা সত্ত্বেও ঢাকা উত্তর সিটির ২ নম্বর ওয়ার্ডে দলটির সমর্থিত কাউন্সিলর প্রার্থী সাজ্জাদ হোসেন জয়ী হওয়ায় বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।
এ নিয়ে কথা বলতে আজ বেলা ১২টার দিকে প্রথম আলোর পক্ষ থেকে সাজ্জাদ হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তাঁর কাছে জানতে চাওয়া হয়, বিএনপি তো নির্বাচন বর্জন করেছে। এর পরও আপনি জয়ী হয়েছেন। এখন কি শপথ নেবেন?
জবাবে সাজ্জাদ হোসেন বলেন, ‘অবশ্যই, অবশ্যই শপথ নেব। জনগণ আমাকে ভোট দিয়েছে। এলাকায় আমি বাস করি। শপথ তো নিতেই হবে।’
বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থীদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সাজ্জাদ হোসেন বলেন, ‘সেটা দলীয় সিদ্ধান্ত।’
দল যদি আপনাকে শপথ নিতে মানা করে, তখন কী করবেন—এমন প্রশ্নে সাজ্জাদ হোসেন বলেন, ‘কেন নেব না, অবশ্যই নেব। আমার জন্ম এখানে।’
গতকাল ভোট কেমন হয়েছে—জানতে চাইলে সাজ্জাদ হোসেন দাবি করেন, ‘এখানে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। অনিয়মের চেষ্টা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। সবকিছু ভালোভাবে শেষ হয়েছে।’
এ বিষয়ে জানতে ওই ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিল প্রার্থী কদম আলী মাদবরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ‘এমপি সাহেবের লোকেরা প্রশাসনের সহায়তায় আমাকে হারিয়েছেন।’
ভোট কেমন হয়েছে—জানতে চাইলে কদম আলী বলেন, ‘জাল ভোট পড়ছে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সরকার দলীয় স্থানীয় সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লা বলেন, সুষ্ঠুভাবেই ভোট হয়েছে। ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগের দুজন প্রার্থী ছিলেন। ভোট ভাগ হয়ে যাওয়ায় বিএনপির প্রার্থী জয়ী হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী ইসমাইল হোসেনের বক্তব্য জানতে বেলা পৌনে একটার দিকে তাঁর মুঠোফোনে দুবার ফোন দেওয়া হয়। মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।