জয়ী হলেন ফারজানা

অনেক ফাইট করতে হয়েছে। চ্যালেঞ্জ ছিল অনেক বেশি। লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা ভালো দিয়েছিলাম। তার পরও আদৌ চাকরিটি পাব কি না, তা নিয়েই মনে দ্বিধা ছিল। তবে চাকরিটি আমি পেয়েছি, এটি আমার জন্য অনেক বড় পাওয়া।’ অগ্রণী ব্যাংক লিমিটেডে চাকরি পাওয়ার পর প্রথম আলো ডটকমকে এভাবেই অনুভূতির কথা জানান ফারজানা আক্তার।
চাকরি পাওয়া তো দূরের কথা, ফারজানা আক্তার চাকরির জন্য প্রবেশপত্রটিই হাতে পাচ্ছিলেন না। তাঁর দুই চোখে আলো নেই—এই ছিল অজুহাত।
গত ১ মে প্রথম আলো ডটকমে ‘চোখের আলো নেই বলে’ শিরোনামে দৃষ্টিপ্রতিবন্ধী ফারজানা আক্তারকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। তারপর বিভিন্ন নারী ও মানবাধিকার সংগঠন ফারজানার পাশে দাঁড়ায়। অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষও বিষয়টিকে গুরুত্ব দেয়। সবার সহযোগিতা এবং নিজের মেধা ও একাগ্র ইচ্ছায় অবশেষে চাকরিটি পেয়েছেন ফারজানা।
গতকাল বুধবার রাতে ফারজানার বন্ধুরা ইন্টারনেটে প্রকাশিত ফলাফল দেখে নিশ্চিত হয়েছেন, ফারজানার চাকরি হয়েছে। পরে ফারজানার পরিবারের সদস্যরাও ফলাফল দেখেছেন। রাতেই মুঠোফোনে ফারজানা চাকরি পাওয়ার খবরটি জানান।
জীবনে প্রথম চাকরি পাওয়ায় ফারজানা কতটা খুশি তা মুঠোফোনেই আঁচ পাওয়া যাচ্ছিল। আর এ চাকরি পাওয়ার জন্য প্রথম আলো ডটকমসহ অন্যদের ধন্যবাদ জানাতেও কার্পণ্য করেননি ফারজানা।
ফারজানা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছেন। তিনি অগ্রণী ব্যাংকে অফিসার (ক্যাশ) পদের জন্য আবেদন করেন।
চাকরির পরীক্ষার প্রবেশপত্র না পাওয়া প্রসঙ্গে ফারজানা প্রথম আলো ডটকমকে বলেছিলেন, ‘ব্যাংকের এ পদের জন্য যা যা চাওয়া হয়েছে সব যোগ্যতাই আমার আছে। চাকরির বিজ্ঞাপনে মুক্তিযোদ্ধাদের জন্য বয়স ৩২ বছর নির্দিষ্ট করা থাকলেও প্রতিবন্ধীদের জন্য এ বিষয়ে কিছু বলা ছিল না। আমার বয়স ৩১ বছর চলছে। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিবন্ধীরাও ৩২ বছর বয়স পর্যন্ত চাকরির জন্য আবেদন করতে পারবেন। সে অনুযায়ী আমি আবেদন করি। তবে বয়সের কথা বলে আমাকে প্রবেশপত্র দেওয়া হচ্ছে না।’
গত বছরের ২৮ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে সরকারি/আধা সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত সংস্থা, প্রতিষ্ঠান ও করপোরেশনের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বত্সরের পরিবর্তে ৩২ বত্সর নির্ধারণ করা হয়েছে। এ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুস সোবহান সিকদারের সই করা এ বিজ্ঞপ্তিতে সব মন্ত্রণালয়/বিভাগকে তাদের অধীনের সব পর্যায়ের নিয়োগকারী কর্তৃপক্ষকে কার্যক্রম গ্রহণেরও অনুরোধ জানানো হয়েছে।
প্রথম আলো ডটকমে প্রকাশিত খবরের সূত্র ধরে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) অবৈতনিক পরিচালক সারা হোসেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বরাবর চিঠি লেখেন। একই সঙ্গে বেসরকারি সংগঠন ‘নিজেরা করি’র সমন্বয়কারী খুশী কবির অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরে ফারজানা প্রবেশপত্র হাতে পান এবং পরীক্ষা দেন।
আজ বৃহস্পতিবার দুপুরে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান খন্দকার বজলুল হক টেলিফোনে প্রথম আলো ডটকমকে বলেন, ‘প্রাথমিক পর্যায়ে কিছুটা ঝামেলা হয়েছিল, তবে শেষ পর্যন্ত ফারজানা জয়ী হয়েছেন। ২৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ৬০০ জন টিকেছেন। এর মধ্যে ফারজানা একজন। লিখিত পরীক্ষায় কোনো কোটা নেই। পরে প্রতিবন্ধী কোটা এবং ফলাফল মিলে তাঁর এ সাফল্য। ফারজানার মেধা আছে, তা স্বীকার করতেই হবে, কেননা অনেকের দুই চোখে আলো থাকার পরও পরীক্ষায় টিকতে পারেননি।’
খন্দকার বজলুল হক বলেন, ‘দৃষ্টিপ্রতিবন্ধী হিসেবে ব্যাংকে কাজ করা কিছুটা কঠিন। তবে আমরা চেষ্টা করব তাঁর উপযোগী কাজ দিতে, যাতে কাজ করতে কোনো সমস্যা না হয়।’
ফারজানা আক্তারের দৃঢ় বিশ্বাস, একটু সাহায্য সহযোগিতা পেলে কাজ করা কঠিন হবে না। তবে কাজটি অবশ্যই তাঁর উপযোগী হতে হবে।
নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির প্রথম আলো ডটকমকে বলেন, ‘ফারজানা হাল ছেড়ে দেয়নি। অনেক বাধা এসেছে, শেষ পর্যন্ত লেগে ছিল। তাই আসল যুদ্ধটা সে-ই করেছে। আমরা সেই যুদ্ধে ছোট একটু ভূমিকা পালন করেছি মাত্র। ফারজানা অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’