জয়ের বক্তব্য নিয়ে বিএনপি মিথ্যাচার করছে: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। গতকাল শনিবার বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ অভিযোগ করেন।

জয়ের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে হানিফ বলেন, ‘আমার কাছে তথ্য আছে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে’—এ বক্তব্যের মাধ্যমে জয় বোঝাতে চেয়েছেন, আওয়ামী লীগের বিশাল কর্মী বাহিনীকে সক্রিয় করতে পারলে এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে পারলে জনগণ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবে। কয়েকটি গবেষণার মাধ্যমে জয় এ তথ্য সম্পর্কে নিশ্চিত হয়েছেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার গণভবনে যুবলীগের এক ইফতার অনুষ্ঠানে জয় ওই বক্তব্য দিয়েছিলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, জয় ওই ইফতার অনুষ্ঠানে দেশে বিদ্যমান আর্থসামাজিক পরিস্থিতির ওপর নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। তাঁর বক্তব্যে দেশের বাস্তব প্রতিচ্ছবি ফুটে উঠেছে। অথচ বিএনপির নেতারা এ নিয়ে কদর্য মিথ্যাচারে লিপ্ত। তাঁকে নিয়ে বিএনপির নেতাদের বক্তব্য রাজনৈতিক প্রতিহিংসামূলক। বিএনপির নেতাদের উদ্দেশে তিনি বলেন, সজীব ওয়াজেদ জয় তারেকের অতীত কালিমালিপ্ত দুর্নীতি, রাষ্ট্রীয় সম্পদ পাচার, গ্রেনেড হামলা, সন্ত্রাস, নির্যাতনের কিছু অংশ উচ্চারণ করেছেন মাত্র। এতে ফুঁসে ওঠার কোনো কারণ নেই।

এর আগে গত শুক্রবার বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়, সজীব ওয়াজেদ জয়ের ওই বক্তব্য আগামী নির্বাচন নিয়ে ‘নীলনকশার ইঙ্গিত’ বহন করে। বিএনপি দাবি করে, প্রধানমন্ত্রীর ছেলের কাছে থাকা তথ্য হলো কারচুপি ও নীলনকশার নির্বাচনের তথ্য।