জয়ের বক্তব্য নির্বাচন নিয়ে 'নীলনকশার ইঙ্গিত': বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য আগামী নির্বাচন নিয়ে ‘নীলনকশার ইঙ্গিত’ বহন করে বলে মনে করছে প্রধান বিরোধী দল বিএনপি। গতকাল শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির পক্ষ থেকে এ কথা বলা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার গণভবনে যুবলীগের এক ইফতার অনুষ্ঠানে জয় বলেছেন, ‘আমার কাছে তথ্য আছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবেই।’ এর জবাবে গতকাল সংবাদ সম্মেলন করে বিএনপির পক্ষ থেকে বলা হয়, প্রধানমন্ত্রীর ছেলে জয়ের কাছে থাকা তথ্য হলো কারচুপি ও নীলনকশার নির্বাচনের তথ্য। সংবাদ সম্মেলনে বিএনপির বক্তব্য তুলে ধরেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘দেশবাসীর কাছে তথ্য-উপাত্ত ভিন্ন রকম, যা সজীব ওয়াজেদ জয়ের তথ্যের সঙ্গে কখনোই মিলবে না। কারণ, জয়ের তথ্যের প্রধান জোগানদাতারা হচ্ছেন যুবলীগ ও ছাত্রলীগের সোনার ছেলেরা।’ ‘২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেকই আমার মাকে হত্যা করতে চেয়েছিল’—সজীব ওয়াজেদ জয়ের এই বক্তব্যের জবাবে বিএনপির সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলা হয়, ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার লক্ষ্য যদি শেখ হাসিনাই হয়ে থাকেন, ওই দিন এতগুলো মর্মান্তিক হতাহতের মধ্যে তিনি অক্ষত থাকলেন কীভাবে? তারেক রহমান যদি জড়িতই থাকতেন, তাহলে এত বড় ঝুঁকি সত্ত্বেও তিনি দেশ ছেড়ে গেলেন না কেন? বিএনপির লিখিত বক্তব্যে দাবি করা হয়, আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের নীলনকশার পরিণাম হচ্ছে ২১ আগস্টের গ্রেনেড হামলা। বিএনপি সরকারকে বেকায়দায় ফেলার জন্যই কুচক্রীরা এই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছিল। বিএনপি মনে করে, তারেক রহমান সম্পর্কে ওই বক্তব্যের মধ্য দিয়ে জয় ‘আওয়ামী হিংসাশ্রয়ী’ রাজনীতির সঙ্গে সুর মেলালেন।