জয়ের বক্তব্য সঠিক, সত্য: কামরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘

কামরুল ইসলাম
কামরুল ইসলাম

আমার কাছে তথ্য আছে, আগামী দিনে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে’— প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের এমন বক্তব্যকে সঠিক বলে দাবি করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেছেন, ‘আগামী দিনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এটা তিনি (জয়) তথ্যের ভিত্তিতে সরাসরি বলেছেন। তাঁর এ বক্তব্য সঠিক, সত্য।’
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জনতার প্রত্যাশা’ আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন কামরুল।
আইন প্রতিমন্ত্রী বলেন, ‘কে অংশ নিল, কে নিল না, সেটা মুখ্য নয়। জনগণ নির্বাচনে অংশ নিল কি না, সেটাই মুখ্য। আপনাদের (বিরোধী দল) স্বপ্নের তত্ত্বাবধায়ক আর আসবে না। আপনারা নির্বাচনে অংশ না নিলে সারা জীবন অনুশোচনা করবেন।’ তিনি বলেন, ‘কুঁজোর সোজা হয়ে বসার স্বপ্ন যেমন কখনো বাস্তবায়ন হয় না, তেমনি বিএনপির ক্ষমতায় যাওয়ার এই স্বপ্নও পূরণ হবে না।’
বিএনপিকে উদ্দেশ করে কামরুল বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ের পর বিএনপি ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্নে বিভোর। তাদের যুবরাজ (তারেক রহমান) নাকি দেশে ফিরবেন, সিংহাসনে বসে দেশের সব সমস্যার সমাধান দেবেন! তিনি দেশে এলে বাংলার মানুষ এই লুটেরা, ২১ আগস্টের গ্রেনেড হামলার পরিকল্পনাকারীকে কীভাবে বরণ করে, সেটা দেখবেন।’
বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘প্রধান বিরোধী দলের ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন দেশে নেই। তাদের সব ক্ষমতা এখন বিলেতে। সেখান থেকেই তাদের সব সিদ্ধান্ত আসে।’

‘তারেক রহমান দেশে এলে আওয়ামী লীগ খড়কুটোর মতো ভেসে যাবে’—বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘তারেক দেশে এলে আওয়ামী লীগ নয়, বোমা ও গ্রেনেডের ঘূর্ণিঝড়ে পুরো বাংলাদেশই খড়কুটোর মতো ভেসে যাবে। দেশ আবার দুর্নীতিতে নিমজ্জিত হবে।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলাম ভূঁইয়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার প্রমুখ।