জয়ের বক্তব্য সব প্রগতিশীল গণতান্ত্রিক দলের: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরঞ্জিত সেনগুপ্ত
সুরঞ্জিত সেনগুপ্ত

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, যুবলীগের ইফতারে দেওয়া বক্তব্য শুধু জয়ের নয়, এ কথা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ প্রগতিশীল সব গণতান্ত্রিক দলের। তাঁর এ বক্তব্য বাংলার কৃষক-মজুর ও সব মেহনতি মানুষের বক্তব্যেরই প্রতিধ্বনি।
আজ রোববার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউশন মিলনায়তনে ‘ঠিকানা বাংলাদেশ’ আয়োজিত এক আলোচনা সভায় সুরঞ্জিত এসব কথা বলেন।
জয়ের বক্তব্য নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মন্তব্য ‘নীলনকশার নির্বাচনের ইঙ্গিত’-এর সমালোচনা করে সুরঞ্জিত বলেন, ‘মওদুদ সাহেব সেনাশাসক ও বিএনপির সঙ্গে একাকার হয়ে নীলনকশার নির্বাচন করতে করতে এখন সব জায়গায় তিনি নীলনকশাই দেখেন।’ একজন স্বচ্ছ ও মেধাবী তরুণের বিরুদ্ধে বিষোদ্গার না করারও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
২৩ জুলাই যুবলীগের এক ইফতার মাহফিলে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমার কাছে তথ্য আছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবেই।’
সুরঞ্জিত বলেন, বিএনপি নির্বাচন করবে কি করবে না, এটা তাদের বিষয়। কিন্তু নির্বাচনে বাধা দেওয়ার শক্তি বিএনপির নেই। নির্বাচনে কে এল না-এল, এটা বড় বিষয় নয়। জনগণ নির্বাচনে এল কি না, এটাই মুখ্য। জনগণ যাদের চাইবে, তারাই আবার দেশ পরিচালনা করবে।

গোটা বাংলাদেশে অসাম্প্রদায়িক শক্তির অবস্থান উল্লেখ করে দপ্তরবিহীন এই মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আমরাই সংখ্যাগুরু। আমরা কখনো এ অসাম্প্রদায়িক শক্তির সঙ্গে মিশে গেছি, কখনো আবার বিরোধিতা করেছি। তোষামোদ আর বিরোধিতা দুটো একসঙ্গে যায় না।’ তিনি বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে আমরা কখনো হেফাজতের বিরোধিতা করেছি। আবার কখনো তারা আমাদের সঙ্গে আছে প্রমাণ করতে চেয়েছি। এ দ্বিমুখী নীতিই আমাদের ডুবিয়েছে।’

নির্বাচনী মাঠে সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির বিরুদ্ধে শেষ মোকাবিলার জন্য সব সংকীর্ণতা ভুলে গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত।

সংগঠনের উপদেষ্টা মো. সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, হুমায়ুন কবির প্রমুখ।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘জয়ের কথার সঙ্গে আমরা একমত। কারণ তাঁর কথার সত্যতা রয়েছে।’ ঈদের পর বিএনপির কঠোর আন্দোলনের হুমকিকে কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।