জয়ের সুযোগ নেই বলে অপপ্রচার করছে বিএনপি: হানিফ

বিএনপি জনগণের বাইরে চলে যাওয়ায় আসন্ন পৌরসভা নির্বাচনে দলটির জয়লাভ করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, নির্বাচনে জয়লাভের সুযোগ নেই বলে বিএনপি সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার ও মিথ্যাচার করে জনগণের কাছ থেকে কিছুটা অনুকম্পা পেতে চায়।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হানিফ এসব কথা বলেন।
হানিফ বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাসী তারা নির্বাচন করবে। আমি আশা করি, বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে। জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছিল। রাজনীতি থেকে অনেকটাই ছিটকে পড়েছিল। স্থানীয় পর্যায়ের নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে থাকে, তাহলে তারা আরও ক্ষতিগ্রস্ত হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, তৃণমূল পর্যায় থেকে যে গাইড লাইন দিয়েছিলাম, তাদের সুপারিশ এবং আমাদের মাঠ জরিপের তথ্য নিয়ে প্রার্থিতা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমাদের হিসেবে অনুযায়ী ৭১টি পৌরসভায় বিকল্প প্রার্থী রয়েছে। আমরা আশা করছি, ১৩ ডিসেম্বরের মধ্যে একটি পৌরসভায়ও কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না।’
সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, মিসবাহ উদ্দিন সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।