‘ঢাকায় ১৪৪ ধারা ভঙ্গ। অনেক ছাত্র নিহত হয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো খুলনায়। এ খবরে আন্দোলন শুরু হলো শহরের হাদিস পার্ক থেকে। খালি পায়ে পুলিশ সুপারের বাড়িও ঘেরাও করলাম। রাস্তায় ইটের খোয়া বিছানো ছিল। আন্দোলনের উত্তেজনায় তখন বুঝতে পারিনি। কিছুক্ষণ পর টের পেলাম, পায়ের তালু দিয়ে রক্ত ঝরছে।’ বায়ান্নর উত্তাল দিনের স্মৃতিচারণা করতে গিয়ে বলছিলেন খুলনার ভাষাসৈনিক সাইদ উদ্দিন আহমেদ। হাসি-আড্ডায় ৫৮ বছর পর জরা-ব্যাধি জয় করে আবারও নতুন সংগ্রামের ডাক দিয়েছেন ভাষাযোদ্ধারা। বয়স-অসুস্থতা কোনোটাই তাঁদের দমাতে পারেনি। বায়ান্নর চেতনা শুধু স্মৃতিতে নয়, বাস্তব জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠার জন্যও শপথ নিলেন তাঁরা।গতকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত দুই দিনব্যাপী ভাষাসৈনিকদের সমাবেশের প্রথম দিন পরিণত হয়েছিল স্মৃতির মেলায়। একুশের চেতনা পরিষদ আয়োজিত এ সমাবেশে সারা দেশ থেকে ৫৭ জন ভাষাসৈনিক যোগ দেন। সমাবেশের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘ভাষা আন্দোলন বাঙালি জাতিসত্তার প্রতীক। জীবনের সর্বস্তরে একুশ ও একাত্তরের চেতনা বাস্তবায়ন করতে হবে, বাঙালির প্রাণের দাবি এটি।’ একই সুরে আওয়াজ তুললেন সমাবেশের বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এবং একুশে চেতনা পরিষদের সাধারণ সম্পাদক ও শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী।সমাবেশের প্রথম অধিবেশনে বিচারপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে বায়ান্নর স্মৃতিচারণা করেন ভাষাসৈনিক প্রতিভা মুৎসুদ্দি, সমীর আহমেদ, জিয়াদ আলী ও ডা. সাঈদ হায়দার। বিকেলে দ্বিতীয় অধিবেশনে আইনজীবী গোলাম আরিফের সভাপতিত্বে স্মৃতিচারণায় অংশ নেন ভাষাসৈনিক রণেশ মৈত্র, মীর আনিসুল হক, শরফুদ্দিন আহমদ, বাহাউদ্দিন চৌধুরী, আবদুল মতিন ও আবদুর রাজ্জাক।সমাবেশে প্রবীণ ভাষাযোদ্ধারা সর্বস্তরে বাংলার প্রচলনসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের মৌলিক নকশা বাস্তবায়ন করা, সর্বপ্রথম বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবির প্রস্তাবক ধীরেন্দ্রনাথ দত্তের নামে বাংলা একাডেমী থেকে শাহবাগ মোড় পর্যন্ত রাস্তার নামকরণ, ভাষা আন্দোলনের তথ্যনির্ভর সঠিক ইতিহাস প্রণয়ন, ভাষাশহীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি, ভাষাসৈনিকদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা তৈরি এবং অসচ্ছল ভাষাযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মানী ভাতা প্রদান।আজ সমাপনী: আজ ভাষাসৈনিক রওশন আরা বাচ্চুর সভাপতিত্বে বেলা সাড়ে ১১টায় ভাষাসৈনিকদের স্মৃতিচারণা অনুষ্ঠিত হবে। দুপুরে অনুষ্ঠিত হবে ভাষাশহীদ স্মারক বক্তৃতা।