জরাজীর্ণ আট বিদ্যালয় ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিন ঝাঁঝরা, দেয়ালে ফাটল। একটু বৃষ্টি হলেই পানি ঢুকে শ্রেণিকক্ষে। সিলিংটাও পড়ো পড়ো। বাঁশ দিয়ে কোনোমতে ঠেক দিয়ে রাখা হয়েছে। খুলনার খালিশপুরের হাউজিং তিনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
টিন ঝাঁঝরা, দেয়ালে ফাটল। একটু বৃষ্টি হলেই পানি ঢুকে শ্রেণিকক্ষে। সিলিংটাও পড়ো পড়ো। বাঁশ দিয়ে কোনোমতে ঠেক দিয়ে রাখা হয়েছে। খুলনার খালিশপুরের হাউজিং তিনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

কোনোটির ভবনের ছাদ থেকে খসে পড়ে পলেস্তারা, চুইয়ে পড়ে পানি। কোনোটির ছাদ বাঁশ দিয়ে ঠেকা দেওয়া, আবার কোনোটির শ্রেণিকক্ষই পরিত্যক্ত। অবস্থা এতটাই খারাপ যে অন্য বিদ্যালয়ে গিয়ে পাঠদান করাতে হয়।
এই চিত্র খুলনা নগরের আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। সদর থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের প্রতিবেদনে ভবনগুলোকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে কয়েকটি বিদ্যালয় ঘুরে জরাজীর্ণ অবস্থা প্রত্যক্ষ করেছেন এই প্রতিবেদক।
সদর থানা শিক্ষা কর্মকর্তা রীনা পারভীন বলেন, শিশু শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে জেলা শিক্ষা কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্য বিদ্যালয়ে পাঠদান করানোর সিদ্ধান্ত হয়েছে। আর জরাজীর্ণ বিদ্যালয় ভবনগুলোর সমস্যা চিহ্নিত করে কোন বিদ্যালয়ে কী করতে হবে, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
জরাজীর্ণ এই বিদ্যালয়গুলোর একটি হলো নগরের নিউমার্কেট এলাকার সোনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে বিদ্যালয় ভবনটি একদিকে হেলে পড়েছে। বিভিন্ন কক্ষে ধরেছে ফাটল। ছাদের বিভিন্ন অংশ ভেঙে নিচে পড়ছে। শিক্ষার্থীদের নিরাপত্তায় সেখানে পাঠদান বন্ধ রাখতে বলেছে থানা শিক্ষা অফিস। এরপর গত ৯ জানুয়ারি থেকে সোনাডাঙ্গা বিদ্যালয়ের পাঠদান সোনাডাঙ্গা আবুবক্কর খান আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে হয়ে আসছে।
বর্তমানে আবুবক্কর খান আদর্শ বিদ্যালয় ভবনে প্রতিদিন দুই পালায় দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে। কিন্তু প্রয়োজনীয় শ্রেণিকক্ষ ওই বিদ্যালয়েও নেই। মাত্র চারটি কক্ষের মধ্যে কষ্ট করে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদেরই পাঠদান করানো হয়। কক্ষগুলো ছোট হওয়ায় ও বেঞ্চ বেশি না থাকায় শিক্ষার্থীরা গাদাগাদি করে বসে, অনেকে দাঁড়িয়েও ক্লাস করে।
সোনাডাঙ্গা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্ধ্যা রানী ঘোষ বলেন, একেকটি কক্ষে একই সময় দুই শ্রেণির ক্লাস নিতে হয়। যখন পঞ্চম শ্রেণির গণিত ক্লাস হয়, তখন হয়তো একই কক্ষে অন্য শ্রেণির অঙ্কন ক্লাস নেওয়া হয়। এতে কিছুটা ঝামেলা কম হয়। এভাবে কোনোমতে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে।
সোনাডাঙ্গা আবুবক্কর খান আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী হাওলাদার বলেন, শিক্ষা অফিসের নির্দেশেই তাঁদের বিদ্যালয়ে সোনাডাঙ্গা বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করা হয়েছে।
নগরের ডালমিল মোড়ে অবস্থিত ন্যাশনাল বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয়। জরাজীর্ণ অবস্থার কারণে সেটিও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বিদ্যালয়টির ৮৫ জন শিক্ষার্থীর পাঠদান হচ্ছে পাশের ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অথচ ইসলামাবাদ বিদ্যালয়েরই রয়েছে ১৮৪ জন শিক্ষার্থী। ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে এভাবে চলে আসছে।
ইসলামাবাদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিলিদা ইয়াসমিন বলেন, ন্যাশনাল বয়েজ বিদ্যালয়ের দুই পালায় ক্লাস হওয়ায় তাঁদের শিক্ষার্থী সমাবেশ হয় দুপুর ১২টায়। ওই সময় ইসলামাবাদ স্কুলের ক্লাস চলে। অর্থাৎ একই সময় এক বিদ্যালয়ের ক্লাস, আর অপর বিদ্যালয়ের সমাবেশে অনেকটা বিরক্তির সৃষ্টি করে। আবার পাশেই ইসলামাবাদ কলেজিয়েটের ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ওই সময় ছুটি হওয়ায় বিদ্যালয় চত্বরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
ন্যাশনাল বয়েজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাহানা আক্তার বলেন, ‘অনেক কষ্ট করে ক্লাস নিতে হয়। আমাদের স্কুলের জরিপ ও মাটির পরীক্ষা করা হয়েছে। ভবন কবে নাগাদ হবে জানি না।’
ঝুঁকিপূর্ণ অন্য বিদ্যালয়গুলো হলো ইকবাল নগরের আবদুল গণি সরকারি প্রাথমিক বিদ্যালয়, লবচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুরের শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খালিশপুরের হাউজিং তিনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রূপসার খানজাহান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রূপসা সেতু এলাকার হাজি মালেক প্রাথমিক বিদ্যালয়।
এসব বিদ্যালয়ে সরেজমিনে দেখা যায়, ভবনের বিমগুলোতে অসংখ্য ফাটল। দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। রড বেরিয়ে এসেছে। পিলারগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। কোনো কোনো কক্ষে দরজা-জানালা পর্যন্ত নেই। বাঁশে ঠেকা দেওয়া ছাদ। জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়েই চলছে কমলমতি শিশুদের পাঠদান।
এ বিষয়ে খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভীন জাহান বলেন, ‘আমরা ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা অধিদপ্তরে পাঠাই। সেখান থেকে বিষয়টা তারা দেখে।’