জরাজীর্ণ আদালত ভবনে ঝুঁকি নিয়ে চলে কার্যক্রম
পিরোজপুরের মঠবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের জরাজীর্ণ ভবনে দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে কার্যক্রম চলছে। ভবনটি মেরামতের জন্য গণপূর্ত বিভাগসহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েও কোনো কাজ হয়নি।
আদালত সূত্রে জানা গেছে, ১৯৮৩ সালে ভবনটি নির্মাণ করা হয়। একতলা ভবনটিতে দুটি এজলাসসহ ১৫টি কক্ষ রয়েছে। এর মধ্যে আদালতে হাজতখানা, পুলিশের ব্যারাক, নথি সংরক্ষণ কক্ষ, মালখানাসহ বেশির ভাগ কক্ষ জরাজীর্ণ। সামান্য বৃষ্টি হলেই ভবনের ছাদ চুইয়ে পানি পড়ে। পুরো ভবনের মেঝেতে পানি জমে যায়। গত ২০ জুন হাজতখানার পেছনের গ্রিল ভেঙে এক আসামি পালিয়ে যায়। আদালত ভবনের প্রধান দুটি কলাপসিবল গেট ভেঙে যাওয়ায় নিরাপত্তাব্যবস্থা ঝুঁকির মধ্যে রয়েছে। এ আদালতের বিচারক এ কে এম কামাল উদ্দিন গত মার্চ মাসে যোগদানের পর ভবনটি জরুরি ভিত্তিতে মেরামতের জন্য গণপূর্ত বিভাগকে দুটি চিঠি দিয়েছেন। সম্প্রতি পিরোজপুরের মুখ্য বিচারিক হাকিম ছুমিয়া খানম মঠবাড়িয়া আদালত পরিদর্শন করে ভবনটি সংস্কারের জন্য ব্যক্তিগতভাবে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে অনুরোধ জানিয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, আদালতের ছাদ চুইয়ে বৃষ্টির পানিতে বিচারকের খাস কামরাসহ বিভিন্ন কক্ষে পানি ঢুকে পড়েছে। ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। ভবনের পেছনের গ্রিল ভেঙে গেছে। পানি পড়ে নথিসহ আদালতের গুরুত্বপূর্ণ রেকর্ড নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি মালখানার ছাদ চুইয়ে পানি পড়ার কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার আলামত নষ্ট হচ্ছে। ভবনের লোহার সব দরজা-জানালায় মরিচা ধরে নষ্ট হয়ে গেছে।
মঠবাড়িয়া আইনজীবী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে সংস্কার না করার কারণে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। প্রতিদিন আদালতে কয়েক শ বিচারপ্রার্থী ও আইনজীবী ঝুঁকি নিয়ে কাজ করছেন।
আদালত পুলিশের উপপরিদর্শক (সিএসআই) সুষমা বিশ্বাস বলেন, পুলিশ সদস্যরা নিয়মিত আদালত চত্বরে দায়িত্ব পালন শেষে বিশ্রাম নিতে ব্যারাকে ঢুকে আতঙ্কে থাকেন। জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা এ ভবনে দায়িত্ব পালন করে চলেছেন।
পিরোজপুর গণপূর্ত বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী কাজী মোহাম্মদ বদরুদজ্জামান বলেন, আদালত ভবন মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।