জরাজীর্ণ কমিউনিটি সেন্টার চলছে ভর্তুকি দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কমিউনিটি সেন্টারগুলোর বেহাল দশা। পাঁচটি কমিউনিটি সেন্টার ব্যবহৃত হচ্ছে থানা হিসেবে। এর একটি এখন মুগদা থানা।  ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কমিউনিটি সেন্টারগুলোর বেহাল দশা। পাঁচটি কমিউনিটি সেন্টার ব্যবহৃত হচ্ছে থানা হিসেবে। এর একটি এখন মুগদা থানা। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

জরাজীর্ণ ভবন, সুযোগসুবিধার স্বল্পতা ও নিম্নমানের সেবা নিয়ে চলছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৬টি কমিউনিটি সেন্টার। দু-একটি ছাড়া কোনো কমিউনিটি সেন্টারে সিটি করপোরেশনের কোনো লোকজনই থাকেন না। ফলে এগুলো লোকসানে পড়েছে। চালাতে হচ্ছে ভর্তুকি দিয়ে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কমিউনিটি সেন্টারগুলো ঘুরে দেখা গেছে, এগুলোর ব্যবস্থাপনা অত্যন্ত নিম্নমানের। সুযোগসুবিধা ভালো নয়। কমিউনিটি সেন্টারগুলোতে কেবল জায়গা ভাড়া দেওয়া হয়ে থাকে। ক্যাটারিং, লোকবলসহ অন্য সবকিছুই গ্রাহকদের নিজেদের ব্যবস্থা করতে হয়। ভেতরের পরিবেশও হতশ্রী। এসব কারণে সিটি করপোরেশনের কমিউনিটি সেন্টারের প্রতি লোকের আগ্রহ কম। অন্যদিকে বেসরকারি কমিউনিটি সেন্টারগুলোতে ক্ষেত্রবিশেষে মাস খানেক আগে আগাম বায়না দিয়ে রাখতে হয়। তবে এগুলোর পরিবেশ, আনুষঙ্গিক সুবিধা ও সেবার মান সন্তোষজনক থাকায় গ্রাহকেরা বেসরকারি কমিউনিটি সেন্টারগুলো ভাড়া নিয়ে থাকেন।
দক্ষিণ সিটি করপোরেশনে ৩৬টি কমিউনিটি সেন্টারের মধ্যে পাঁচটিতে রয়েছে থানা। এগুলো হলো ধানমন্ডির ভূতের গলি কমিউনিটি সেন্টারে কলাবাগান থানা। টিপু সুলতান রোডের হাজি আবদুর রহিম কমিউনিটি সেন্টারে ওয়ারী থানা। ইংলিশ রোডের ফজলুল করিম কমিউনিটি সেন্টারে বংশাল থানা। আফির উদ্দিন সরদার কমিউনিটি সেন্টারে মুগদা থানা। ইসলামবাগ কমিউনিটি সেন্টারে রয়েছে লালবাগ থানা।
এ ছাড়া দুটিতে রয়েছে র্যাবের কার্যালয়। এগুলো হলো শায়েস্তা খান কল্যাণ কেন্দ্রে র্যাব-৩ এবং মুক্তিযোদ্ধা মুরাদ কমিউনিটি সেন্টারে র্যাব-১০-এর কার্যালয়। তিনটি কমিউনিটি সেন্টার ব্যবহারের অনুপযোগী, দুটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। একটি গুলিস্তানে ঢাকা মহানগর নাট্যমঞ্চ (কাজী বশির মিলনায়তন) ও একটি সূত্রাপুরে জহির রায়হান মিলনায়তনকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। দুটিতে ছিন্নমূল প্রশিক্ষণকেন্দ্র রয়েছে।
সিটি করপোরেশনের কমিউনিটি সেন্টারে রয়েছে ব্যায়ামাগার, কমিশনার কার্যালয়, ইপিআই কেন্দ্র, লাইব্রেরি, পরিচ্ছন্নতা বিভাগের কক্ষ রয়েছে। ১২টিতে সংগীত বিদ্যালয়। তবে কমিউনিটি সেন্টারে বিভিন্ন সেবা কার্যালয় স্থাপন করে কর্মকাণ্ড পরিচালিত হলেও এসব কার্যালয়ে ব্যবহৃত বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল কোনো প্রতিষ্ঠান দেয় না। ফলে এখানেও লোকসানের সম্মুখীন কমিউনিটি সেন্টার।
রাজধানীর বাসাবো কমিউনিটি সেন্টারে গিয়ে দেখা যায়, সেখানে স্থানীয় থানার পুলিশ, আনসার সদস্যরা বসবাস করছেন। তাঁদের পরনের লুঙ্গি-প্যান্ট বাইরে শুকাতে দেওয়া হয়েছে। সিটি করপোরেশন বারবার তাঁদের নোটিশ দিয়েও উচ্ছেদ করতে পারেনি। পল্টন কমিউনিটি সেন্টার সংস্কারের কাজ চলছে। আজিমপুর মিনি কমিউনিটি সেন্টার জরাজীর্ণ।
কমিউনিটি সেন্টারগুলোর লাভজনক করতে এগুলোকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার কথা উঠেছিল। তবে নির্বাচিত মেয়র ও কাউন্সিলর আসার পর এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সমাজকল্যাণ ও সাংস্কৃতিক কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম প্রথম আলোকে বলেন, কমিউনিটি সেন্টারগুলো লাভজনক নয়, এটা সত্যি। বেসরকারি খাতে কমিউনিটি সেন্টারগুলো ছেড়ে দেওয়ার পরিকল্পনা ছিল। বর্তমানে এ পরিকল্পনা স্থগিত আছে।
নির্বাচনের আগে মেয়র থেকে শুরু করে সব কাউন্সিলর প্রার্থীর অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল নতুন কমিউনিটি সেন্টার নির্মাণ ও পুরোনোগুলোর সংস্কার করা। কিন্তু এক মাসের বেশি সময় ধরে তাঁরা দায়িত্ব নিলেও এর কোনো উন্নতি হয়নি।
কমিউনিটি সেন্টারের দুর্দশা সম্পর্কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, ‘এই কমিউনিটি সেন্টারগুলো ২০-৩০ বছর আগে নির্মাণ করা হয়। বর্তমানে এগুলো জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এগুলো লাভজনক নয়, চলে ভর্তুকি দিয়ে। আমি এক মাস হলো দায়িত্ব গ্রহণ করেছি। লাভজনক না হওয়ায় কমিউনিটি সেন্টারগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়া যেতে পারে।’