জরাজীর্ণ কোয়ার্টারে ঝুঁকি নিয়ে বসবাস
দরজা-জানালা নষ্ট। বৃষ্টি হলে টিনের চালের ছিদ্র দিয়ে পানি পড়ে মেঝেতে জমে থাকে। দেয়ালে অনেক ফাটলের সৃষ্টি হয়েছে। এই করুণ অবস্থা দিনাজপুরের ফুলবাড়ী থানার তিনটি কোয়ার্টারের। দীর্ঘদিন সংস্কার না করায় এগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। বিকল্প না থাকায় এসব কোয়ার্টারে থানার ওসিসহ সাত পুলিশ সদস্য বসবাস করছেন।
কয়েকজন পুলিশ সদস্য জানান, গণপূর্ত অধিদপ্তরের দিনাজপুর কার্যালয়ের কর্মকর্তাদের একাধিকবার বলার পরও কোয়ার্টারগুলো সংস্কার বা নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। থানার পাঁচজন এসআই ও চারজন এএসআই কনস্টেবলদের সঙ্গে পুলিশ ব্যারাকে থাকেন।
জানা গেছে, ১৯৪৫ সালের দিকে ওসি, এসআই ও এএসআইয়ের বসবাসের জন্য থানা চত্বরে তিনটি টিনশেড কোয়ার্টার নির্মাণ করা হয়। প্রতিটি কোয়ার্টারে চারটি করে কক্ষ আছে। নির্মাণের পর এগুলো একবারও সরকারিভাবে সংস্কার করা হয়নি। এগুলোর দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। দেয়ালের ফাটল দিয়ে ঠান্ডা বাতাস ঢোকে। এ কারণে এগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ১২ বছর আগে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা দুটি কোয়ার্টার পরিত্যক্ত ঘোষণা করেন।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ওসি রবিউল ইসলাম একটি কোয়ার্টারে পরিবার ছাড়া থাকেন। এসআইয়ের জন্য বরাদ্দ দেওয়া পরিত্যক্ত ঘোষিত কোয়ার্টারে কনস্টেবল রাজু আহম্মেদ পরিবার নিয়ে থাকেন। এএসআইয়ের কোয়ার্টারে পরিবার নিয়ে আছেন ওয়্যারলেস অপারেটর আবু বকর সিদ্দিক। সেখানে তাঁদের সঙ্গে থাকেন চারজন নারী কনস্টেবল।কয়েকজন এসআই ও এএসআই জানান, থানা চত্বরের কোয়ার্টারগুলোর যে অবস্থা, তাতে সেগুলোতে পরিবার নিয়ে বসবাস করা সম্ভব নয়। ওসি রবিউল ইসলাম বলেন, কোয়ার্টারের যে অবস্থা, সেখানে পরিবার নিয়ে থাকা সম্ভব নয়। গণপূর্ত অধিদপ্তরের দিনাজপুর কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার পরও কোনো কাজ হয়নি।