জরাজীর্ণ গল্লামারী সেতু দিয়ে ঝুঁকিপূর্ণ চলাচল
খুলনা মহানগরের ব্যস্ততম গল্লামারী সেতুটি অনেক আগেই জরাজীর্ণ হয়ে পড়েছে। ৪৭ বছরের পুরোনো এ সেতুর ওপর দিয়ে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে ভারী যানবাহন চলাচল করছে, এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা মহানগরের পশ্চিম পাশে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ময়ূর নদের ওপর গল্লামারী সেতুটি ১৯৬৫ সালে নির্মাণ করা হয়। সাতক্ষীরা সদর ও জেলার বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগ রক্ষাই ছিল সেতুটির উদ্দেশ্য। স্বাধীনতার পর সেতুর ওপর চাপ বাড়তে থাকে। পরবর্তী সময় রূপসা সেতু নির্মিত হলে গল্লামারী সেতুটি যানবাহন চলাচলের সংযোগ পথ হিসেবে ব্যবহূত হয়। এতে সেতুটির ওপর যানবাহন চলাচলের সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। বর্তমানে এ সেতুটি ব্যবহার অনুপযোগী হওয়ার পর্যায়ে চলে গেছে। সরেজমিন দেখা যায়, অসংখ্য মালবাহী ট্রাক, যাত্রী বোঝাই বাস-মিনিবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন ঝুঁকি নিয়ে সেতুর ওপর দিয়ে চলাচল করছে। সেতু ব্যবহারকারী খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মো. আতিয়ার রহমান বলেন, খুলনা মহানগর থেকে সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, রূপসা, তালা, পাইকগাছা, কয়রা, কালীগঞ্জ ও শ্যামনগরসহ বিভিন্ন জায়গায় যাওয়ার একমাত্র সংযোগ সড়ক হওয়ায় প্রতিনিয়িত এ সেতুর ওপর চাপ বেড়েই চলেছে। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে সেতুর ওপর দিয়ে চলাচল করতেই ভয় লাগে। এ পথে চলাচলকারী বাসচালক খোরশেদ আলম বলেন, ‘সেতুর অবস্থা খারাপ জেনেও আমরা ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছি। কবে যে কী হয়ে যায়, সেই ভয়ে থাকি।’সড়ক ও জনপথ (সওজ) বিভাগের খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম জিকরুল হক সেতুটির ঝুঁকিপূর্ণ দশার কথা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, প্রতিনিয়ত ভারী যানবাহন চলাচল করায় পুরোনো এ সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর ওপর চাপ কমাতে চার লেনের সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য একটি প্রস্তাব প্রধান কার্যালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু প্রকল্পটি অনুমোদন না হওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না।