জরাজীর্ণ ছয় সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের ছয়টি বেইলি সেতু ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে৷ জোড়াতালি দেওয়া ওই সেতুগুলোতে প্রতিদিন মালবাহী ট্রাক, যাত্রীবাহী বাসসহ কয়েক শ যানবাহন চলাচল করছে৷ ফলে প্রায়ই সেতু ভেঙে ঘটছে দুর্ঘটনা৷
স্থানীয় ব্যক্তিরা জানান, গত ৭ এপ্রিল ভোরে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাঁশবুনিয়া এলাকায় লাল পোল বেইলি সেতু ভেঙে মালবোঝাই একটি ট্রাক খালে পড়ে যায়৷ এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে মাহবুবুর রহমান (১৫) নামের এক মাদ্রাসাছাত্র আহত হয়৷ গত বছরের ৯ সেপ্টেম্বর রাতে উপজেলার গুদিঘাটা বেইলি সেতুর পাটাতন ভেঙে একটি ট্রাক আটকে যায়৷ প্রায়ই এসব সেতুতে পাটাতন ভেঙে যানবাহন আটকে সড়কযোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে৷ বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের (বিএফডিসি) মাছবাহী ট্রাক, স্থানীয় ও দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন প্রায়ই আটকা পড়ছে৷
গতকাল রোববার সকালে সরেজমিনে দেখা গেছে, ২৪টি সেতুর বেশির ভাগই জরাজীর্ণ৷ এর মধ্যে মঠবাড়িয়া উপজেলার সিঅ্যান্ডবি, দক্ষিণ গুলিসাখালী, বহেরাতলা, গুদিঘাটা, মুসল্লিবাড়ি সেতু ও ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া সেতুর অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ৷ ভেঙে যাওয়া সেতুর পাটাতনের প্লেটগুলোতে জোড়াতালি দেওয়া রয়েছে৷ কয়েকটির নাটবল্টু খুলে গিয়ে সেতুর বিম ঝুলে পড়েছে৷
পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী ফকরুল ইসলাম জানান, পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের প্রায় ৩৭ কিলোমিটর সড়কে ২৪টি বেইিল সেতু রয়েছে৷ এগুলো আশির দশকের শেষে ও নব্বইয়ের দশকের বিভিন্ন সময়ে অস্থায়ী হিসেবে তৈরি করা হয়৷ কয়েকটি সেতুর পাটাতন ভেঙে যাওয়ায় জোড়াতালি দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে৷
বিআরটিসি পরিবহনের বাসচালক হেমায়েত মিয়া বলেন, ‘মঠবাড়িয়া-চরখালী পর্যন্ত সড়কটির কয়েকটি সেতু খুবই ঝুঁকিপূর্ণ৷ যাত্রী নিয়ে সেতু পার হওয়ার সময় আল্লাহকে স্মরণ করি৷’
অটোরিকশাচালক বাদল তালুকদার বলেন, প্রায়ই সেতুর ভাঙা প্লেটে গাড়ির চাকা বসে যায়৷ সেতুগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে৷
ঈগল পরিবহনের মঠবাড়িয়া কাউন্টারের ব্যবস্থাপক ফুয়াদ আকন বলেন, ঝুঁকিপূর্ণ এসব সেতুর কারণে বেশ কয়েকবার মঠবাড়িয়া ও পাথরঘাটা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখতে হয়েছে৷
সওজ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল বলেন, আর্থিক সংকটের কারণে বেইলি সেতুগুলো মেরামত করা যাচ্ছে না৷ প্রতিবছর সেতু মেরামতের জন্য যা বরাদ্দ পাওয়া যায়, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল৷ বেইলি সেতুগুলো সরিয়ে সেখানে আরসিসি সেতু নির্মাণ করার একটি প্রস্তাব সেতু ভবনে পাঠানো হয়েছে৷ এ ছাড়া দুটি আরসিসি কালভার্টের নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে৷