জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান চলছে জরাজীর্ণ টিনের ঘরে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, পাশাপাশি দুটি টিনের ঘর। ঘরের বেড়াগুলো ভাঙা। দরজা-জানালার কোনোটি ভাঙা, আবার কোনোটি জোড়াতালি লাগানো। শিক্ষার্থীদের বসার বেঞ্চগুলোও ভাঙাচোরা। মাঝখানে বেড়া না থাকায় একই কক্ষে চলে দুটি শ্রেণির পাঠদান।
বিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, ২০০১ সালে স্থানীয় শিক্ষানুরাগীদের উদ্যোগে দুটি টিনের ঘর নির্মাণ করে বিদ্যালয়টির কার্যক্রম শুরু হয়। কিন্তু এখনো সরকারিভাবে কোনো পাকা ভবন নির্মাণ করা হয়নি। বিদ্যালয়ের দুটি ঘরেরই চালার টিনগুলো ফুটো হয়ে গেছে। একটু বৃষ্টি হলেই ভেতরে পানি পড়ে। বেশি বৃষ্টি হলে পাঠদান চালু রাখা খুবই কঠিন হয়ে পড়ে।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মো. সোহেল বলে, শ্রেণিকক্ষে বসার বেঞ্চ কম থাকায় অনেক সময় তাদের দাঁড়িয়ে ক্লাস করতে হয়। তবে বৃষ্টির সময় বেশি সমস্যা হয়। সামান্য বৃষ্টি হলেই চালের ছিদ্র দিয়ে পানি পড়ে বই-খাতা ভিজে যায়।
কিন্তু এসব দমিয়ে রাখতে পারেনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের। এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বিদ্যালয়ের সব শিক্ষার্থী পাস করেছে।
প্রধান শিক্ষক প্রবীর চন্দ্র নাথ প্রথম আলোকে বলেন, শুধু এবারই নয়, এ নিয়ে টানা চতুর্থবারের মতো তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা সমাপনীতে শতভাগ পাসের সাফল্য দেখিয়েছে।
প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ২৪০ জন। আর শিক্ষক আছেন তিনিসহ চারজন। বিদ্যালয় ভবন নির্মাণের জন্য একাধিকবার উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে আবেদন করেছেন। কিন্তু এখনো কোনো ফল পাননি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম বলেন, বর্তমান সরকারের আমলে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়েছে। একটি নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। শিগগিরই ভবন নির্মাণের অনুমোদন পাওয়া যাবে বলে তিনি আশা করছেন।