জরাজীর্ণ ফেরি-পন্টুন, ঝুঁকি নিয়ে যানবাহন পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর আটটি নদীতে মেয়াদোত্তীর্ণ ও জরাজীর্ণ ফেরি দিয়ে চলছে যানবাহন পারাপার৷ অন্যদিকে ব্যবহারে অনুপযোগী পন্টুন, ফেরির গ্যাংওয়ে দিয়ে চলাচলের বেইলি সেতুর অনেক স্থানে লোহার প্লেট সরে রয়েছে৷
এ অবস্থায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন৷ দুর্ভোগে পড়ছে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় আসা ও অভ্যন্তরীণ পথের চলাচলকারী যানবাহনগুলো৷ যেকোনো সময়ে সড়ক যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে৷
সড়ক ও জনপথ (সওজ) কার্যালয় সূত্র জানায়, জেলার সড়কপথে বিভিন্ন স্থানে নদী পারাপারে আটটি ফেরিঘাট রয়েছে৷ ফেরি রয়েছে ১০টি৷ এর মধ্যে বরিশাল-কুয়াকাটা সড়কের গুরুত্বপূর্ণ পায়রা নদী পারাপারের জন্য লেবুখালী ফেরিঘাটে রয়েছে তিনটি ফেরি৷ খেপুপড়া ঘাটে আন্দারমানিক নদী, হাজীপুর ঘাটে সোনাতলা নদী ও মহিপুর ঘাটে খাপড়াভাঙ্গা নদী পারাপারে একটি করে ফেরি রয়েছে৷ এই ফেরি চারটি ২৪ ঘণ্টা যানবাহন পারাপার করে৷ এ ছাড়া বগা ঘাটে লোহালিয়া নদী, পায়রাকুঞ্জ ঘাটে পায়রা নদী, গলাচিপা ঘাটে রামনাবাদ নদী, নলুয়া-বাহেরচর ঘাটে পায়রা, পান্ডব ও লোহালিয়া—এই তিন নদীর মোহনা পারাপারে একটি করে ফেরি রয়েছে৷ প্রতিটি ফেরির মেয়াদকাল ১০ বছর হলেও এসব ফেরি ৩০ থেকে ৪০ বছর ধরে চলাচল করছে৷ বেশ কয়েকটির তলদেশ ফাটলসহ অসংখ্য ছিদ্র হয়ে গেছে৷
লেবুখালী ঘাটের ফেরিটি তলদেশে ফাটল দিয়ে পানি প্রবেশ করছে৷ গত সোমবার বিকেলে লেবুখালী ঘাটে গিয়ে দেখা গেছে, যানবাহন ফেরিতে ওঠানোর পর দেখা যায় তলদেশ দিয়ে পানি প্রবেশ করছে৷ এ অবস্থায় ফেরির লোকজন পাম্প বসিয়ে ফেরি থেকে পানি অপসারণ করে ঝুঁকি নিয়ে যানবাহনগুলো পারাপার করছে৷ ফেরির কর্মচারী মোস্তফা জানায়, ঘাটে যানবাহনের প্রচুর চাপ থাকে৷ পাম্প দিয়ে পানি অপসারণ করে যানবাহন পারাপার করতে হচ্ছে৷
পর্যটনকেন্দ্র কুয়াকাটাসংলগ্ন মহিপুর এলাকার খাপড়াভাঙ্গা নদী পারাপারের ফেরিটির তলদেশ ফেটে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এক সপ্তাহ আগে দুদিন যানবাহন পারাপার বন্ধ রেখে পুরোনো অন্য একটি ফেরি পাঠিয়ে যোগাযোগ সচল রাখা হয়৷
আটটি ফেরিঘটের নদীর দুই পারে পন্টুনগুলোও জরাজীর্ণ৷ গলাচিপা ফেরিঘাটের দক্ষিণ পারের পন্টুনটির তলদেশ ফাটল সৃষ্টি হওয়ায় জোয়ারের সময় ডুবে যাচ্ছে, আবার ভাটায় পানি নেমে যাচ্ছে৷ মহিপুর ফেরিঘাটের উত্তর পারের পন্টুনটির তলদেশে ফাটল সৃষ্টি হয়েছে৷ পাম্প দিয়ে পন্টুন থেকেও পানি অপসারণ করতে হচ্ছে প্রতিদিন৷ এ ছাড়া ফেরির গ্যাংওয়েতে ওঠা-নামার জন্য বেইলি সেতুও অনেক স্থানে লোহার প্লেট সরে ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে৷ কুয়াকাটা সড়কের মহিপুর ফেরির গ্যাংওয়ে এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে৷
সওজ পটুয়াখালী ফেরি বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল ফজল মালিক জানান, তাঁদের আওতায় ফেরি ও পন্টুন জরাজীর্ণ ও চলাচলে প্রায় অনুপযোগী। তাঁদের দায়িত্ব ফেরিগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে সচল রাখা৷ তিনি আরও জানান, ২০১৩ সালের ৮ অক্টোবর অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবরে চিঠি দিয়ে বিষয়টি বিস্তারিতভাবে জানানো হয়েছে৷
সওজ বিভাগ পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, নতুন ফেরি ও ক্রেনের জন্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর আবেদন করা হয়েছে৷