জরাজীর্ণ ভবন ও শিক্ষক সংকটে অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক-কর্মচারীর সংকট ও জরাজীর্ণ ভবনের কারণে পিরোজপুরের মঠবাড়িয়া সরকারি কলেজে অচলাবস্থা বিরাজ করছে। ইংরেজি ও ব্যবস্থাপনা বিভাগে কোনো শিক্ষক নেই। অতিথি শিক্ষক দিয়ে চলছে এ দুটি বিভাগের শিক্ষার্থীদের পাঠদান।এ ছাড়া কলেজের প্রশাসনিক ভবনটি পরিত্যক্ত হওয়ার পর তিনতলাবিশিষ্ট একটি মাত্র ছাত্রাবাসে চলছে প্রশাসনিক কার্যক্রম। কলেজের একাডেমিক ভবনটিও জরাজীর্ণ হয়ে পড়েছে। প্রায়ই ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ছে। সেখানেই ঝুঁকি ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের।কলেজ সূত্রে জানা গেছে, কলেজের মোট ৩৪ জন শিক্ষক পদের মধ্যে ১৪টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এর মধ্যে ইংরেজি বিভাগের মোট তিনটি ও ব্যবস্থাপনা বিভাগের দুটি শিক্ষক পদের সবগুলোই শূন্য। এ ছাড়া ইতিহাস বিভাগে দুজন, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইসলামের ইতিহাস, হিসাববিজ্ঞান, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিভাগে একজন করে শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ ছাড়া কলেজের প্রধান সহকারী, মুদ্রাক্ষরিক, হিসাবরক্ষক, স্টোরকিপারসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ১৭টি পদের ১৩টিই শূন্য রয়েছে। কলেজের একাডেমিক ভবনটির ছাদের পলেস্তারা খসে পড়ছে। দরজা ও জানালা ভেঙে গেছে। প্রশাসনিক ভবনটি পরিত্যক্ত হওয়ার পর ছাত্রাবাসে প্রশাসনিক কার্যক্রম চালানো হচ্ছে।১৯৬৯ সালে উপজেলা সদরে কলেজটি প্রতিষ্ঠা করা হয়। ১৯৮৪ সালে কলেজটি জাতীয়করণ করা হয়। কলেজের তৃতীয় তলায় একটি একাডেমিক ভবন, একটি বিজ্ঞান ভবন ও একটি ছাত্রাবাস রয়েছে। বর্তমানে কলেজে ডিগ্রিসহ একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ৭৫০ জন শিক্ষার্থী রয়েছেন।কলেজের অধ্যক্ষ অধ্যাপক নির্মলেন্দু শীল প্রথম আলোকে বলেন, শিক্ষক-কর্মচারীর সংকটের কারণে পাঠদান ও দাপ্তরিক কাজে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এ ছাড়া একাডেমিক ভবনটিও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এসব সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করা হলেও কোনো কাজ হয়নি। পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাংসদ আনোয়ার হোসেন বলেন, কলেজের শিক্ষকসংকট দূর করা ও অনার্স কোর্স চালু করার জন্য তিনি চেষ্টা করছেন।