জরাজীর্ণ ভবন, চিকিৎসা দেন ওয়ার্ডবয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা পৌনে দুইটা। আহত এক যুবককে ধরাধরি করে জরুরি বিভাগের বিছানায় শুইয়ে দিলেন দুই ব্যক্তি। যুবকের হাত দিয়ে রক্ত ঝরছিল। স্বজনদের চেঁচামেচিতে কিছুক্ষণ বাদে ওয়ার্ডবয় এলেন। তিনি ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ লাগিয়ে দেন। মিনিট পনেরো পর এলেন কর্তব্যরত চিকিৎসক সুমন দেবনাথ। তিনি রোগীর নামধাম ও আঘাতের কারণ শুনে ব্যবস্থাপত্র লিখে দেন।
এ দৃশ্য সিলেটের বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের, গত মঙ্গলবারের। এ হাসপাতালে হরহামেশাই এমন দৃশ্য দেখা যায় বলে জানালেন উপস্থিত কয়েকজন রোগী ও স্বজন। তাঁদের অভিযোগ, জরুরি বিভাগের দায়িত্ব ফেলে চিকিৎসকেরা প্রায়ই বাইরে চলে যান। তখন ওয়ার্ডবয়ই ভরসা। জরুরি বিভাগের দায়িত্ব ফেলে কোথায় ছিলেন, জানতে চাইলে চিকিৎসক সুমন দেবনাথ বলেন, ‘আমি আরেকটি কাজে হাসপাতালের আরেক কক্ষে ছিলাম।’
জরুরি বিভাগের পর দোতলায় গিয়ে চোখে পড়ে ৩১ শয্যাবিশিষ্ট এ হাসপাতালের করুণ চিত্র। পুরুষ ও নারী উভয় ওয়ার্ডই অপরিচ্ছন্ন। বেশ কয়েকটি বিড়াল আর বহু তেলাপোকা মেঝেতে ঘুরছে। প্রতি ওয়ার্ডে দুটি করে শৌচাগার আছে। অধিকাংশ শৌচাগারেরই দরজা ভাঙা। শৌচাগার থেকে ছড়াচ্ছে উৎকট গন্ধ।
উপজেলার বদরনগর গ্রামের মইনুল ইসলামসহ হাসপাতালে ভর্তি থাকা চারজন অভিযোগ করেন, সহজলভ্য কয়েকটি ওষুধ ছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ওষুধ সরবরাহ করে না। চিকিৎসকের দেখা মেলে মাঝেমধ্যে। অনেক সময় চেঁচামেচি করেও কোনো নার্সের (সেবিকা) দেখা মেলে না। কর্তব্যরত নার্স হেনা রানী দাস জানালেন, অনেক পদ শূন্য থাকায় একজন নার্সকে উভয় ওয়ার্ডই সামলাতে হয়।
হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক মো. নুরুল ইসলাম বলেন, মিডওয়াইফ ও জ্যেষ্ঠ স্টাফ নার্সের ২০টি পদের মধ্যে ১২টিই শূন্য। বাকি আটজনের মধ্যেও দুজন প্রেষণে অন্যত্র কাজ করছেন। সব মিলিয়ে হাসপাতালে অনুমোদিত পদ ১৯৪টি। বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৫৮ জন। অবশ্য চিকিৎসকের ১৭টি পদের মধ্যে শূন্য মাত্র ২টি। তবে ৫ জন প্রেষণে অন্যত্র কর্মরত রয়েছেন; আরেকজন অনুমোদন ছাড়াই এক বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত।
এদিকে ১৯৬৮ সালে তৈরি হাসপাতাল ভবনটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই ভবনের ছাদ চুইয়ে পানি পড়ে। মাস দু-এক আগে বৃষ্টির পানি মেঝেতে জমে গিয়েছিল। তখন ভর্তি থাকা সব রোগী আতঙ্কে হাসপাতাল ছাড়েন।
সার্বিক বিষয়ে কথা হয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আনিসুর রহমানের সঙ্গে। তিনি লোকবল সংকট এবং অবকাঠামোগত সমস্যাসহ বেশির ভাগ সমস্যার কথা প্রথম আলোর কাছে স্বীকার করেন।
তবে ওষুধের কোনো সংকট নেই দাবি করে তিনি বলেন, হাসপাতালে অনেক দামি ওষুধ রয়েছে। যেগুলো হাসপাতাল কর্তৃপক্ষ সব সময় সরবরাহ করতে পারে না, কেবল সেগুলোই রোগীদের বাইরে থেকে কিনতে হয়। আর জরুরি বিভাগের বিষয়ে তিনি বলেন, সেখানে সার্বক্ষণিক চিকিৎসক থাকার বিধান রয়েছে। ওই সময়ে কেউ ছিলেন না কেন, তা খতিয়ে দেখা হবে।